২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটকের দেয়াল পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জ সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের ফটকের দেয়াল ভেঙে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বুধবার দুপুরে দেয়াল ভেঙে পড়ার পর কামাল হোসেন কামাল (৬৫) গুরুতর আহত হন। জেনারেল হাসপাতাল নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কামাল মুক্তিযোদ্ধা সংসদ সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের সদস্য ছিলেন। তিনি ফতুল্লার রামারবাগ এলাকায় থাকতেন।

কামাল হোসেন কামালের স্বজনরা জানান, দুপুরে কুতুবপুর ইউপি কার্যালয়ে পরিবারের এক সদস্যের জন্য জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে যান তিনি।

এ সময় ইউপি কার্যালয়ের গেটের একটি অংশ ভেঙে তার উপর পড়লে তিনি বুকে, পিঠে ও হাতে মারাত্মক আঘাত পান।

খানপুরে অবস্থিত জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজিম উদ্দিন জানান, বুকে আঘাতজনিত কারণে কামালের মৃত্যু হয়েছে। তার বুকে রক্ত জমাট বেঁধে গিয়েছিল।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, এটি একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।