২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ফেনসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার দামুরহুদা ও দর্শনায় সীমান্ত এলাকা থেকে ২২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 09:58 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

বৃধবার সন্ধ্যায় দুটি স্থানে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

এর মধ্যে দামুরহুদার আকন্দবাড়ীয়া ও হালদারপাড়া সীমান্ত থেকে ২১৬ বোতল এবং দর্শনা থেকে ২টি মোটরসাইকেলসহ আরো পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালদারপাড়া সীমান্তের ৭৪ নং মেইন পিলারের কাছে ভারত থেকে অনুপ্রবেশকারী ৫/৭ জন চোরাচালানিকে ধাওয়া করা হয়।

এ সময় তারা চারটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ২১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যা ৬টায় দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও গোয়েন্দা সংস্থার হাবিলদার সিরাজুল ইসলাম সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে টহল দেয়ার সময় ২টি মোটরসাইকেল দেখে গতিরোধ করলে চালকরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

মোটরসাইকেল দুটিতে তল্লাশি করে আরো পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।