শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরের শার্শায় পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুই জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিলন হোসেন (৩০) ও খুলনার রামপালের বেতকাটা গ্রামের প্রয়াত বলাই কৃষ্ণ মন্ডলের স্ত্রী কানন কৃষ্ণ মন্ডল (৫৫)।
শার্শা থানার ওসি আহমদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শার্শার নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের সামনে বুধবার বিকালে রাস্তা পারাপারের সময় বেনাপোলগামী একটি বাস মিলনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলি সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে বেনাপোলের নামাজ গ্রামে রাস্তা পার হওয়ার সশয় কানন কৃষ্ণ মন্ডল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
বুধবার বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, সংসার ত্যাগী এই নারী রামপালের কৃষ্ণ মন্দিরের সেবিকা ছিলেন। বেনাপোলের এক শিষ্যের বাড়ি থেকে বেনাপোল পাঠবাড়ি আশ্রমে ফিরছিলেন তিনি।
