রংপুরে সরকারি ওষুধ পাচারকালে আটক ২
রংপুরের পীরগঞ্জে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রর ওষুধ চুরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার বিকালে আটকরা হলেন খেদমতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকের ফার্মাসিস্ট রাজিব হোসেন ও কর্মচারী ফুলু মিয়া। তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার অফিস ছুটির পর রাজিব ও ফুলু ওই ক্লিনিকের বেশকিছু দামী ওষুধ বস্তায় করে ভ্যানযোগে উপজেলা সদরে নিয়ে যাচ্ছিলেন।
গোপন খবর পেয়ে পথে স্থানীয়রা তাদের আটক করে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমান জানান, খবর পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ওসিকে সঙ্গে করে ঘটনাস্থলে যান। পরে ওষুধসহ তাদের থানায় নেয়া হয়।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজিব ও ফুলুর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে জানান।
মামলার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে আটক কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
