২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে এসআইয়ের বিরুদ্ধে মামলা

থানায় নিয়ে আসামিকে মারপিট ও নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এসআই আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম।

বিচারক সুপ্রিয়া রহমান অভিযোগ আমলে নিয়ে বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বেলকুচির নাজমীন বেগম গত ১০ সেপ্টেম্বর তার স্বামী মালেক খান, সৎ ছেলে সাইফুল ইসলাম এবং সাইফুলের স্ত্রী সঞ্চয়ী খাতুনের বিরুদ্ধে বেলকুচি থানায় একটি নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল কাদের গত সোমবার (১৮ নভেম্বর) রাতে সাইফুলকে থানায় এনে বেধড়ক মারপিট এবং স্বজনদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এরপর তাকে ১০ হাজার টাকা দেয়া হলে নির্যাতন বন্ধ করেন এবং পরদিন তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

সাইফুলের আইনজীবী সেলিম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশ দেন।

এছাড়া সরজমিন এলাকা পরিদর্শন এবং দ্রুত তদন্ত প্রতিবেদন তৈরি করে রাজশাহীর ডিআইজির কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সাইফুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোরও আদেশ দেয়।  

এ ব্যাপারে আসামি এসআই আব্দুল কাদের জানান, সাইফুলকে গ্রেপ্তারের পর থানায় এনে সামান্য মারপিট করা হলেও কোনো চাঁদা দাবি বা গ্রহণ করা হয়নি।