ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক নেতা হত্যার বিচার দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক নেতা নিহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কমৃসূচি পালিত হয় বলে পুলিশ জানিয়েছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) শহরের পাইরতলা ও সরকার পাড়ার লোকজনের মধ্যে গোলাগুলিতে জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য বাদশা আহমেদ বুলেট (৩০) নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সকাল ১১টার দিকে শহরের কাজিপাড়া থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে। এ সময় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
পাইরতলা ও সরকার পাড়ার লোকজনের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল বলে জানায় এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাটারিচালিত গাড়ির ভাড়া নিয়ে দুই যুবকের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। এ সময় শহরের সরকার পাড়ার বাসিন্দা বুলেট নিহত হন।
সদর থানার এসআই মো. আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত লিংকন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
