২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ‘শেষ হতে পারে’ সংসদ অধিবেশন

রাষ্ট্রপতির আদেশ পাওয়া গেলে বুধবার নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হতে পারে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির আদেশ পাওয়া গেলে কালই (বুধবার) অধিবেশন শেষ হতে পারে।”

সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এই হিসাবে সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।

গত ১২ সেপ্টেম্বর বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে শুরু হয় ১৯তম অধিবেশন। প্রথমে ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হলেও পরে ২৩ অক্টোবর কার্যউপদেষ্টা কমিটি ৭ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়।

কার্য উপদেষ্টা কমিটি সংসদের মেয়াদ বাড়াতে বা কমাতে স্পিকারকে দায়িত্ব দেয়।

গত ২৩ অক্টোবর সংসদে যোগ দেয় বিরোধী দল। ওইদিনই ওয়াকআউট করে এখন পর্যন্ত সংসদে ফেরেনি তারা। ওইদিন বিরোধী দলীয় নেত্রীর পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের প্র্স্তাব সংসদে দেন।

গত ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব নাকচ করে একজন ‘সম্মানিত নাগরিকের’ নেতৃত্বে সাবেক ১০ উপদেষ্টাকে নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

চলতি এ অধিবেশন নবম জাতীয় সংসদের শেষ অধিবেশন হতে পারে। হিসাব অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের আর কোনো অধিবেশন বসার সম্ভাবনা ক্ষীণ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে মেয়াদ অবসান ছাড়া অন্যকোনো কারণে সংসদ ভেঙে গেলে ভাঙার পরবর্তী ৯০দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯তম অধিবেশন চলতি সংসদের শেষ অধিবেশন কি না জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “এটা বলা যাচ্ছে না।”

সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বিধানটি নির্বাচনকালীন ৯০ দিনের ক্ষেত্রে শিথিল রাখা হয়েছে।