কোরবানিতে পশু জবাই বেড়েছে ৯ লাখ
গত কোরবানির ঈদে আগের বছরের তুলনায় প্রায় নয় লাখ বেশি পশু জবাই হয়েছে বলে প্রাণি সম্পদ অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের চেয়ে এবার কোরবানিতে প্রায় নয় লাখ বেশি পশু জবাই হয়, যার অর্ধেকই ছিল গরু।”
আগের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কম থাকায় বেশি পশু জবাই হয় বলে মনে করেন তিনি।
এবার জবাই হওয়া পশুর মধ্যে সবচেয়ে বেশি ছিল ৩৩ লাখ ১২ হাজার ৮৫১টি ষাড় ও বলদ। গাভী ও বকনা ছিল নয় লাখ ৪১ হাজার ৪৩৪টি। ছাগল ও ভেড়া মিলে ২২ লাখ ৪৬ হাজার ৮৮৬টি। আর মহিষ, উট ও দুম্বা ছিল মোট ৩৮ হাজার ৩৭টি।
গত ১৬ অক্টোবর কোরবানির ঈদ উদযাপন করে দেশের মুসলিম সম্প্রদায়।
