মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ
বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে মহিলা দলের এক নেত্রী সংগঠনেরই এক কর্মীর টাকা ও সোনার গহনা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মন্ত্রীদের পদত্যাগের পরেও রোববার মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালো পতাকা মিছিল করে জেলা বিএনপি।
মিছিল চলাকালে জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান (৪২) ও তার অনুসারীরা রহিমা আক্তার রিপার ব্যাগ থেকে নগদ ১ লাখ টাকা ও সঙ্গে থাকা সোনার গহনাগুলো ছিনিয়ে নেয় বলে তিনি থানায় অভিযোগ করেছেন।
সদর থানায় দায়ের করা অভিযোগ বলা হয়, মিছিলের সামনে দাঁড়ালে লাবলী ক্ষুব্ধ হয়ে তাকে (রিপা) গালাগালি করেন। এক পর্যায়ে লাবলী ও তার অনুসারী নয়ন তারা, রাশেদা বেগম, বিউটি বেগম ও আমেনা বেগম তার পার্স (মানিব্যাগ) থেকে নগদ ১ লাখ টাকা, কানের সোনার দুল, গলার চেইন, দুটি রিংসহ মোট এক ভরি এক আনা ওজনের সোনার অলঙ্কার ছিনিয়ে নেয়। এসময় তারা প্রাণনাশেরও হুমকি দেয়।
অবশ্য লাভলী ওই অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিল চলাকালে সামনে দাঁড়ানো নিয়ে মেয়েদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। তাছাড়া আর কিছুই হয়নি।”
বগুড়া সদর থানার পরিদর্শক নূর এ আলম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য এসআই আমিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
