২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় সরকার: জনপ্রতিক্রিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মতামত ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 06:47 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

সহিংসতা-সমঝোতা : জনপ্রতিক্রিয়া

আপনার মতামত ও প্রতিক্রিয়া (অনূর্ধ্ব ১০০ শব্দ) পাঠান নিচের ঠিকানায়:

reactions@bdnews24.com

লাইলা নাজনীন, গৃহিণী, চুয়াডাঙ্গা

“আমি চাই সুষ্ঠু নির্বাচন, সেই সময় শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া ক্ষমতায় থাকবেন না। জনগণ তাদের মতামত দেবেন ভোটের মাধ্যমে।”

শামীম রেজা, চাকরিজীবী, চুয়াডাঙ্গা

“যা হয়েছে তা কি সর্বদলীয়? দেশে তো দুটি দলকে নিয়ে হিসেব-নিকেষ হয়, একটি তো বাইরে আছে, তাহলে?”

হযরত আলী, রিকশাচালক, চুয়াডাঙ্গা

“কেউ ভালো না। সবাই নুটেপুটে খায়। এরশাদের কথার কুনু ঠিক নাই। মারামারি-গণ্ডগোল বন্ধ হোক।”

জাহিদ সুলতান লিখন, শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

“নির্বচনকালীন সরকারে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।”

ইমরান শাহরিয়ার, পেশাজীবী

“বর্তমান সরকার কেবল নামে নির্বাচনকালীন সরকার।গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্দলীয়দের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।”

মো. নাসির মিয়া, সাভার এলাকার ভ্যানচালক

“আওয়ামী লীগ আর বিএনপি মিলা নতুন সরকার করলে দ্যাশে মারামারি লাগবো না।”

সামিয়া খান এশা, শিক্ষার্থী আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ

“সব দলের লোকদের নিয়ে নির্বচনকালীন সরকার হলে তা সবাই গ্রহণ করবে। তাহলে হরতালে আর শিক্ষার্থীদের কষ্ট পোহাতে হবে না।”

মো. মাতুব্বর মিয়া, মোহাম্মদপুরের হালিম বিক্রেতা

“সবাইকে নিয়ে নির্বাচনের জন্য সরকার করা গেলে দ্যাশের জন্য ভালো হবে।”

মো: শাকিলুন্নবী, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী

“দেশে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচনকালীন সরকারকে পরিপূর্ণ রুপ দেয়া দরকার।”

সাইদুর রহমান, কৃষক, রানীনগর, নওগাঁ

“এই সর্বদলীয় সরকার দিয়ে বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচন বা শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সর্বদলীয় সরকার আগের চেয়েও দুর্বল বলে আমি মনে করি।

“প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচনের উদ্যোগ নেয়া হলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

প্রদীপ কুমার সরকার, চা দোকানি, নওগাঁ

“এটা কে ভাল উদ্যোগ মনে করি। তবে এই সর্বদলীয় সরকারে বিএনপি না এলে দেশে হরতাল অবরোধ হবে। দেশে শান্তি থাকবে না।

“এক এরশাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

আজাদুল ইসলাম, নাট্যকার, মহাদেবপুর, নওগাঁ

“এই সরকারে বিএনপি না থাকলে এটি সর্বদলীয় সরকার হয় কীভাবে?

“তবে এটি অনির্বাচিত সরকারের একটি পদ্ধতি। এই সরকারে বিএনপি না থাকলে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং দেশে হরতাল অবরোধ, ভাংচুরসহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আলোচনার মাধ্যমে বিএনপিকে এই সরকারে নিয়ে আসতে হবে।”

নজমুল হক সনি, মেয়র, নওগাঁ পৌরসভা

“সর্বদলীয় সরকার আসলে মহাজোট সরকারের নতুন সংস্করণ। এই সরকারে প্রধান বিরোধী দল না থাকায় এর অধীনে নির্বাচনের চেষ্টা করলে অশান্তিময় ও বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হতে পারে। এই সরকার দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

“বর্তমান পরিস্থিতিতে একমাত্র মহামান্য রাষ্ট্রপতি পদক্ষেপ নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন।

আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক,নওগাঁ

“সবদলকে নিয়ে সর্বদলীয় সরকার হওয়া প্রয়োজন। না হলে দেশের বর্তমান যে পরিস্থিতি, তার কোন উন্নতি হবে না। আলোচনার মধ্যে দিয়ে চলমান সঙ্কটের সমাধান হওয়া দরকার।”

ফাতেমা খাতুন রেবা, গৃহবধূ, নওগাঁ

“নির্বাচনকালীন সরকার এটি ভালো  উদ্যোগ। তবে সব দলকে নির্বাচনে নিয়ে আসতে হবে। আর বিএনপি নির্বাচনে না এলে এই নির্বাচন প্রশ্ন বিদ্ধ হবে।”

মিজানুর রহমান কমল, ইন্স্যুরেন্স কর্মী, নওগাঁ

“সব ঠিক আছে । কিন্তু বিএনপিকে আলোচনার মাধ্যমে এই সরকারে যুক্ত করতে না পারলে সঙ্কট কাটবে না।”

বেলায়েত হোসেন, কলেজ শিক্ষক, রাণীনগর, নওগাঁ

“আমাদের দেশে প্রধান দুই দল আ’লীগ ও বিএনপি। আর এই সর্বদলীয় সরকারে যদি বিএনপি না আসে সেক্ষেত্রে দেশে বর্তমানে যে সঙ্কট চলছে তা দূর হবে না। এই প্রধান বিরোধীদলকে বাদ দিয়ে নির্বাচনের উদ্যোগ নেয়া হলে চলমান সঙ্কটময় পরিস্থিতির আরো অবনতি হতে পারে।”

কামাল হোসেন, ব্যবসায়ী, রানীনগর, নওগাঁ

“দেশের বর্তমান সঙ্কট নিরশনে এটি একটি ভালো উদ্যোগ।”

নিরঞ্জন কুমার সরকার, স্বর্ণ ব্যবসায়ী, নওগাঁ

“নির্বাচনের জন্য এই সরকার গঠন একটি ভালো পদক্ষেপ। তবে প্রধান বিরোধী দল না থাকায় এর অধীনে নির্বাচন করতে গেলে দেশে হানাহানির সৃষ্টি হতে পারে। তাই সঙ্কট নিরশনে সরকারকে আলোচনার মধ্যে দিয়ে বিরোধী দলকে এই সরকারে নিয়ে আসতে হবে।”

সিরাজুল ইসলাম, চাঁদপুর শহরের কোড়ালিয়্বাসী

“বিএনপিকে বাদ দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই হাসিখুশির মন্ত্রী পরিষদে শেষ রক্ষা হবে না।"

আবুল হাশেম, চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকাবাসী

“সংবিধান রক্ষায় সরকারের নির্বাচনের বাইরে কোনো উদ্যোগ নেয়া সম্ভব নয়। বিএনপির উচিত এই সর্বদলীয় মন্ত্রী পরিষদে যোগ দেয়া।”

মাহবুবুর রহমান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরবাসী

“সরকার ভুল পথে এগুচ্ছে। বিএনপি ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা শেষ পর্যন্ত সফল হবে না।”

আ. ছাত্তার, চাঁদপুর মতলবের উপাদী এলাকাবাসী

“সব দল নির্বাচনে অংশ নিলে ভালো হয়। বিএনপি সর্বদলীয় মন্ত্রিপরিষদে যোগ দেয়া উচিত।

“বিএনপির যে বিপুল জনপ্রিয়তা এখন আছে তাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও বিএনপি জোটের জয় হবেই।”

হামিদুর রহমান, শ্রমজীবী, ব্রাহ্মণবাড়ীয়া

“নতুন মন্ত্রিপরিষদ সম্পর্কে জানি না। কে মন্ত্রী হইছে জানতেও চাই না।

“খালি এই মুহূর্তে হরতাল চাই না। কাজ করে ভালো থাকতে চাই।”

কামরুল হাসান, দন্ত চিকিৎসক, বরগুনা

“সর্বদলীয় সরকারে যদি সব দল একত্র না হয়, তবে দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির সমঝোতায় সরকার গঠন করা উচিত। তা না হলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে।”

আক্তার হোসেন, কৃষক, বগুড়া

“এখানে বিএনপি আসলে ভালো হতো।

“তারপরেও একটা নির্বাচনের জন্য এ সর্বদলীয় সরকার গ্রহণযোগ্য। এতে বিএনপির আসা উচিত।”

হারুন-উর-রশীদ, কলেজের শিক্ষক, নোয়াখালী

“এই সরকারকে স্বাগত জানাই। এতে চলমান রাজনৈতিক সংঘাত থেকে উত্তরণের ক্ষেত্র তৈরি হয়েছে। বিএনপি এ সরকারে অংশ নিলে তারা দায়িত্বশীল রাজনীতিতে ফিরে আসবে। জনগণ স্বস্তিতে থাকবে।

“যদি বিএনপি অংশগ্রহণ না করে সংঘাতে যায়, এ সংঘাতময় রাজনীতির জন্য জনগণ বিএনপিকে প্রত্যাখান করবে।”

ইউনুস খান, ব্যবসায়ী, বরিশাল

“সর্বদলীয় সরকারকে সাধুবাদ জানাই। তবে ১৮ দলীয় জোটের কাউকে রাখলে জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হত। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের আহ্বান জানাই নতুন মন্ত্রিসভাকে।”

শেখ শাহীন, ব্যবসায়ী, রংপুর

“সর্বদলীয় সরকার গঠন করে হয়তো তাদের ছকের নির্বাচন করবে। সে নির্বাচন যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনই চলমান রাজনৈতিক সঙ্কটেরও সমাধান হবে না। ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে।”

আবদুল আলী, চাকরিজীবী, চাঁদপুর

“নতুন মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি কিছুটা বেড়েছে। তবে দেশের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

“প্রধানমন্ত্রীর বুদ্ধিদাতারা বেশ কৌশলের সঙ্গে একের পর এক কঠিন পরিস্থিতি সামাল দিচ্ছেন। অথচ জনপ্রিয়তায় তুঙ্গে থেকেও রাজনীতির দাবা খেলায় একের পর এক ভুল চাল দিচ্ছেন বিরোধী দলীয় নেত্রী।

“আমরা রাজনীতির খেলা দেখতে চাই না, চাই সমঝোতা। হরতাল, হানাহানি ও সংঘাতমুক্ত রাজনীতি চাই আমরা।”

নাসিরউদ্দিন চৌধুরী, এনজিও কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ

“সংসদে প্রতিনিধিত্বশীল সব দলকে নিয়ে সরকার গঠন করলে ভালো হতো।”

নুরুল করীম মজুমদার, প্রবীণ সাংবাদিক, ফেনী

“এটি সর্বদলীয় সরকার নয়। এটা মহাজোট সরকারের একটি অংশ। সর্বদলীয় সরকার বলতে বোঝায় নিবন্ধিত সব দলের সমন্বয়ে গঠিত সরকার; এখানে তার প্রতিফলন ঘটেনি। এটা মহাজোট সরকারের মন্ত্রিসভার পরিবর্তন।”

মো. রাকিবুল আলম, ব্যবসায়ী

“সমাধানের পথ খুলে গেল।”

আব্দুল আজিজ, কম্পিউটার প্রকৌশলী, ঢাকা

“এটাতো সর্বদলীয় সরকার নয়, এটা মহাজোট সরকারে দ্বিতীয় সংস্করণ।”

ডা. মো. হাবিবুল্লাহ, চিকিৎসক, ঢাকা

“এটা একদলীয় সরকার। সংঘাত কমার সম্ভাবনা থাকলো না।”

রাজু আলাউদ্দিন,  কবি, প্রাবন্ধিক ও অনুবাদক

“সর্বদলীয় সরকার এটাইতো দরকার।”

এ এস এম বাকিবিল্লাহ, বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত, ঢাকা

“সংঘাতের সম্ভাবনা বাড়লো।”

মো. সালাউদ্দিন (বাবুল), ব্যবসায়ী

“দেশের অবস্থা আরো খারাপ হবে।”

রাবিয় ইয়াসমীন কবিতা, গৃহিণী

“আমার মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসাতে চায় সেটার শুরু এটা।”

বোরহান উদ্দিন, বেসরকারি ব্যাংকে কর্মরত

“যেহেতু প্রধান বিরোধী দল আসেনি তাই এটা সর্বদলীয় সরকার হয়নি।

“বিরোধী দলের আসা উচিত্। না আসলে ঝামেলা বাড়বে।”

মুহাম্মদ রিশাদ হুদা, সাংবাদিক

“অনির্বাচিত সরকার ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এটা একটা ভালো পদ্ধতি এবং আজকের এ ঘটনা একটা ভালো শুরু।

“তবে ব্যবস্থাটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং সেক্ষেত্রে প্রধান বিরোধী দলকে এ সরকারে আসতে হবে।”

নুরু, ঢাকার মহাখালীর রেস্তোরা কর্মচারী

“আপনারাই ভালো বোঝেন।”

এস.আর খান, কনসালটেন্ট, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী

“দেশে যে রাজনৈতিক সংকট চলছিল এ সরকার গঠন সেটি থেকে উত্তোরণের পথ। বাংলাদেশের জন্য কল্যাণকর বলেই বিএনপি তাদের জোট বন্ধু জামায়াত ইসলামীর পরামর্শে এ সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়নি।”

শরিফুল হাসান, ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের মার্কেটিং চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী

“দেশের স্বার্থে এ নির্বাচনকালীন সরকার গঠিত হয়েছে। একে স্বাগত জানাই।

“যারা দেশের স্বার্থ না দেখে নিজের স্বার্থের জন্য রাজনীতি করে তারা এখানে যুক্ত হননি।”

নিয়ামত উল্লাহ শরীফ, অনলাইন অ্যাক্টিভিস্ট

“নির্বাচনকালীন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে, সন্দেহ নেই।

“তবে কীভাবে এখানে বিএনপিকে যুক্ত করা যায় সেটিও ভাবা উচিত।”

মো. আব্দুস সালাম, বিডিবিএল ব্যাংকের পরিচালক 

“এটি দেশকে এক ধাপ এগিয়ে নেবার একটি প্রশংসনীয় উদ্যোগ। একে স্বাগত জানাতেই হবে।”

মাহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

“এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে যাদের আহ্বান করার পরও দেশের এ গণতান্ত্রিক যাত্রায় শরিক হননি, তাদের নিয়ে আরেকবার কিছু ভাবা যেতে পারে।”

বাবুল হোসেন, আদাবর এলাকার বাসিন্দা

“বিএনপিকে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না গেলে এ প্রশংসনীয় উদ্যোগটি গ্রহণযোগ্যতা হারাবে।”

রবিউল হক, শিক্ষানবীশ আইনজীবী

“একে সর্বদলীয় সরকার বলতে হলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি।

“তা না হলে এ উদ্যোগ গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।”

শহিদুর রহমান, মহাখালী এলাকার মুদি দোকানদার

“ভাই, দ্যাশে শান্তির জন্য বিএনপি আর আওয়ামী লীগের এক হইয়া এ সরকারে থাকা জরুরি ছিল।”

জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী

“এ সরকারে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণ দেখতে চাই।

“সরকার একতরফা নির্বাচন করছে। মহাজোটের বাইরের দলগুলো নির্বাচনে না এলে এই নির্বাচন গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য হবে না।”