২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা-সমঝোতা : জনপ্রতিক্রিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মতামত ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:46 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

আপনার মতামত ও প্রতিক্রিয়া (অনূর্ধ্ব ১০০ শব্দ) পাঠান নিচের ঠিকানায়:
reactions@bdnews24.com

ডি এম সালাহ উদ্দিন পাভেল, এনজিও কর্মী

“বাজার করতে গেলে কান্না চলে আসতেছে, হরতালের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি এত অসহনীয় মাত্রায় গেছে যে আমার মতো সীমিত আয়ের মানুষের জীবন ধারণ করাই কষ্টকর। ভাবছি চাকরি বাকরি ছেড়ে তরকারির দোকান দিব। আমার মতে এই রকম গণতন্ত্রের থেকে ফখরুদ্দিনের আমল অনেক ভাল ছিল।”

আলমগীর হোসেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

“রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নো কমেন্টস। রাজনীতি যারা করেন, তারা তো আর জনগণের কথা বিবেচনা করেন না। আমরা কেন এ নিয়ে মন্তব্য করবো।”

আবুল হাসান কামরুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

“আমরা শান্তি চাই। অশান্তি যারা করবে জনগণ তার বিপক্ষে থাকবে। দুদলকেই বলতে চাই আমরা শান্তি বজায় রাখুন।”

আজম আলী, মোহাম্মপুর এলাকার রিকশা চালক

“হাসিনা-খালেদা কি দুজন একলগে বইয়া কথা কইতে পারে না। হেরা বইলেই তো দ্যাশের শান্তি।”

নুসরাত মুশতারী, চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

“আসলেই কি আমাদের ভাবার মত কিছু অবস্থা আছে? যা খুশি তাই হচ্ছে। আমরা দেখছি, অপেক্ষা করছি কিছু একটা হবে তারজন্য।”

সেলিম মিয়া, আদাবর এলাকার সবজি বিক্রেতা

“দেশের রাজনীতি ঠিক না হইলে সবজির দাম কোনদিনই কমবো না, বাড়তি থাকবো।”

আব্দুর রহমান, সিএনজি চালক

“হরতালে সাহস নিয়া সিএনজি বাইর করলে বাড়তি খ্যাপ লওন যায়। কিন্তু হরতাল না থাকলে জ্যামে পইড়া থাকি বইলা লাভ হয় না।

“তবে দেশে শান্তি থাকনটাই ভাল, ভাল যেমনই হোক না ক্যান।”

আশরাফ আলী টিটু, পশ্চিম করাইল বস্তির বাসিন্দা

“ভাই দেশে শান্তি আনতে হইলে দুই দলের নেতাগো ভালো মন নিয়া উভয়ের লগে কথা কইতে হইবো।”

মো. মাসুম, তেঁজগাও এলাকার ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতা

“মামা, হরতাল হইলে পথে লোক কম থাকে, বেচাবিক্রি ভালো হয় না। তাই দ্যাশের নেতাগো হরতাল না দিতে কই।”

সুলতানা আক্তার, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু

“সরকারি দল ও বিরোধী দলের অবস্থান একই। একদল জনগণকে তেলে ভাজছে, আরেক দল চুলায় পোড়াচ্ছে।”

মোহাম্মদ রহিম সরকার, গৃহকর্মী

“কোথাও যাওয়ার সময় সব সময় ভয়ে ভয়ে থাকি। আর এজন্য আমি বিএনপিকেই দায়ী করব। সরকার অনেক কিছুই করেছে, বিএনপিরও উচিত তাদের দায়িত্বটুকু পালন করা।

“আরো অনেকগুলো মানুষ মারা যাওয়ার আগেই দুই দলেরই আলোচনায় বসা উচিত, কারণ এভাবে কোন মানুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব না।”

জিএম তৌফিকুল আলম, একটি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী

“শেখ হাসিনার সমঝোতায় আসা উচিত, আর খালেদা জিয়ারও উচিত হবে কঠোর কর্মসূচি থেকে সরে আসা। যে কোন সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা যায়।”

হানিফ মিয়া, সিএনজি চালক

“রাজনীতি অতো বুঝি না। শুধু বুঝি যখন দেশের অবস্থা খারাপ থাকে, তখন না খেয়ে থাকতে হয়।”

ফারহাত তাসান্নুম ফারাহ, শিক্ষক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ

“আমি শুধু নির্দলীয় নির্বাচন চাই। নির্বাচন হতে হবে স্বতঃস্ফুর্ত। কেউ ফাঁকা মাঠে গোল দিতে পারবে না।”

মওদুদ সুমন, চাইল্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট

“দুই নেত্রীকে বাদ দিয়ে নির্বাচন হওয়া উচিত।”

ফকরুল আলম, লাইফ মেডিসিন সেন্টার, চাঁনখারপুল ঢাকা

“নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। দুই নেত্রীই এক রোখা ও রাগী। তাই তাদের দিয়ে দেশের মঙ্গল আসবে না। তরুণ প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসা উচিত।”

আশিক কাঞ্চন, বিজ্ঞাপানী সংস্থার কর্মকর্তা

“বাংলাদেশে হরতাল একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই হরতাল হইল শাখের করাত। এক বাক্যে হরতাল নিষিদ্ধের দাবি করতে পারছি না।

“লাগাতার হরতাল দিয়েও যখন ক্ষমতাসীনদের কানে কোন কথা ঢোকানো সম্ভব হয় না, তাদের টনক নড়ে না, তখন বিরোধীদলের অবস্থান থেকে এর বিকল্প আমি দেখি না। আবার হরতালের নামে জাতীয় সম্পদের ক্ষতি, অর্থনীতির ক্ষতি, জ্বালাও-পোড়াও-সন্ত্রাস-হত্যা-হরতাল পালনে বাধ্য করার বিষয়গুলো মেনে নেয়া যায় না।

“হরতালে সমস্যা না, হরতালের বিকল্প অন্য কিছুও যদি আজ আনাও হয়, প্রতিশোধ পরায়নতা, ক্ষোভের প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন না আনলে রাজনীতিতে গুণগত কোন পরিবর্তন আসবে না। আবার গণতান্ত্রিক অধিকারের ধুয়া তুলে যেসব কারণে হরতাল ডাকা হয়, তার অধিকাংশের সাথে জনগণের কোন স্বার্থের সংযোগ খুঁজে পাই না।”

প্রিতু শারমিন, শিক্ষক, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ

“প্রধানমন্ত্রীর এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। দুই দলেরই উচিত দ্রুততম সময়ে আলোচনায় বসা। এছাড়া অন্য কোন উপায় নাই।”

কামরুল ইসলাম, চাকরীজীবী, নজরুল অ্যান্ড ব্রাদার্স, ইমামগঞ্জ, ঢাকা

“সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করা। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই সরকার এক সময় আন্দোলন করেছিল, তাই অন্য কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের এটি নিয়ে সন্দেহ থাকবে।”

মো. শাওন, ব্যবসায়ী, চকবাজার ঢাকা

‘হরতালের লোকসান পোষাতে শুক্রবারও দোকান খোলা রাখছি। ওনাদের (রাজনীতিবিদদের) এটা বুঝা উচিত যে, জনগণকে এত কষ্ট ও হয়রানি করে কোন লাভ নেই।”

সবুর হোসেন, হোটেল কর্মচারী, ধানমণ্ডি

“সরকারের কী? হরতালে বোমায় মরি আমরা। সরকার যদি মানুষের ভালোই চায়, তবে বিরোধী দলের দাবি মেনে নিলেই তো হয়।”

ইকবাল হোসেন রাজু, মুদি দোকানদার, মোহাম্মদপুর

“হাসিনা-খালেদার তো জনগণের দিকে কোনো খেয়াল নেই। তারা নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা ব্যবসা করতে পারছি না, সেদিকে খেয়াল রাখার তো উনাদের দরকার নেই।”

আহমেদ সায়েম, উদ্যোক্তা, দক্ষিণখান, ঢাকা

“ক্ষমতা তো ছাড়তে হবে, আগে ছাড়লে যদি সমস্যার সমাধান হয়, তাহলে আগে ছাড়লেই ভাল।”

মশিউর রহমান, বেসরকারি গ্রুপে কর্মরত, ঢাকা

“মানুষের কথা তো কেউ চিন্তা করে না। এরা ক্ষমতা লোভী, লোভহীন দেশপ্রেমিক নেতার দরকার।”

জায়েদ বখত, গবেষণা পরিচালক, বিআইডিএএস

“যেকোন অর্থনীতি ভালো করার পূর্বশর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে ব্যবসা-বিনিয়োগের পরিবেশ অনিশ্চিত হয়ে পড়ে। পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হয়। এতে উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি পণ্যমুল্য বাড়ে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যায়। এক কথায় আর্থ-সামাজিক অগ্রগতি থমকে যায়।”

আসিফ ইব্রাহিম, সাবেক সভাপতি, ডিসিসিআই

“রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে। প্রত্যেক নির্বাচিত সরকারের শেষ এক থেকে দেড় বছর যে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তা না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ১ থেকে সোয়া শতাংশ বেশি হতো।

“হরতালের কোন জনসমর্থন নেই, তবুও রাজনৈতিক দলগুলো অর্থনীতির জন্য সবচেয়ে ক্ষতিকর এই কর্মসূচী অব্যাহত রেখেছে। আমাদের প্রশ্ন- রাজনীতি কি অর্থনীতির জন্য না অর্থনীতি রাজনীতির জন্য।”

বেলাল হোসেন, চাল ব্যবসায়ী, সাবেক চেয়ারম্যান, যমুনা ব্যাংক

“হরতালে ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে। উৎপাদন, সরবরাহ সবই ক্ষতিগ্রস্ত হয়। যা সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে।”

হেলাল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক

“যেকোন ধরনের অস্থিতিশীলতা ব্যবসা ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। এতে যেমন দেশে অলস তহবিলের বোঝা বাড়ে, তেমনি নতুন কর্মসংস্থান হয় না। আবার মন্দ ঋণের হারও বাড়ে। ফলে ব্যাংকগুলো ক্ষতির মুখে পড়ে।”

কে এম বারী, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন

“হরতালের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর‌্যটন খাত। খাতটি দেশের উন্নয়নের বড় খাত হতে পারতো, কিন্তু হরতাল, রাজনৈতিক সহিংসতার মত কর্মকাণ্ডের জন্য তা সম্ভব হচ্ছে না।

“বাংলাদেশের ৮টি দূতাবাস তাদের ওয়েবসাইটে ওইসব দেশের পর‌্যটকদের এদেশে আসতে নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ফারুক তালুকদার সোহেল, ব্যবস্থাপনা পরিচালক, সোহাগ পরিবহন লিমিটেড

“আমাদের কিছু বলার নেই। যা হওয়ার তা হচ্ছে। অসহায়ের মত তাকিয়ে দেখছি। এমন কোন দিন নেই ৫০ থেকে ১০০ গাড়িতে আগুন দেওয়া হচ্ছে না। কত গাড়ি ভাংচুর হচ্ছে তার হিসেব নেই।

“একটা সময় ছিল হরতালের দিন পিকেটিং হতো। এখন আগের দিন হয়। ইয়ার্ডে রাখা গাড়িও ভাংচুর-অগ্নিসংযোগ হচ্ছে।

“আমরা পরিবহন ব্যবসায়ীরা যাবো কোথায়? কারণ এরা সবাই এপিট-ওপিট, আমরা হতাশ।

“সবাই ভালো মানুষের ভান ধরে। অথচ কোটি কোটি টাকার সম্পদ মহূর্তে ছাই করে দেওয়া হচ্ছে।

“এখন পরিবহন কোম্পানিগুলো কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ব্যাংকের সুদ, কিস্তি কিভাবে দেবে। আমাদের এভাবে ধুঁকে ধুঁকে না মেরে একবারে মেরে ফেলাই ভালো।”

খোরশেদ আলম খান, সভাপতি, ট্যাক্সি ক্যাব অনার্স এসোসিয়েশন

“হরতালে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হই। রাজনৈতিক অস্থিরতার কারণেই ট্যাক্সি ক্যাব ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে।”

এমদাদুল হক, সবজি ব্যবসায়ী

“হরতাল হলে আমরা যারা ঢাকার বাইরে থেকে সবজি নিয়ে আসি তাদের ব্যাপক ক্ষতি হয়। অনেক সময় রাস্তার মাঝে আটকে থাকতে হয়। ট্রাক ভাড়া বেড়ে যায়। আড়ৎদাররা পাওনা টাকা দিতে গড়িমসি করে। এ রকম অনেক সমস্যায় পড়ি।”

মোঃ হাসান, মতিঝিলের কাপড় ব্যবসায়ী

“হরতাল মানে আমাদের ব্যবসা বন্ধ। এমনিতেই সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি, খারাপ আবহাওয়া, পুলিশের বাধাসহ নানান কারণে মাসে ১৫দিন বেচাকেনা হয় না।

“আর এরকম সপ্তাহে তিন-চারদিন করে হরতাল হলে অন্য কাজ করা ছাড়া উপায় নেই।”

শরীফুল ইসলাম বাবু, বাণিজ্যিক কর্মকর্তা, আইমান গ্রুপ

“হরতালের কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। পণ্যমূল্য বাড়ে। রাস্তা ফাঁকা থাকলেও চলাচলের জন্য গাড়ি পাওয়া যায় না।

“যে কোম্পানিতে কাজ করি তাদের ব্যবসার ক্ষতি হয়। যার প্রভাব অনেক সময় আমাদের ওপরও চলে আসে। এছাড়া নিরাপত্তাহীনতা তো আছেই।”

অপর্ণা আওয়াল, প্রভাষক, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

“রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে জনগণেরও পার্টিসিপেশন থাকা উচিত।

“কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে যখন ভোট আসে শুধুমাত্র তখনই জনগণের রাজনৈতিক অধিকারের কথা বলা হয়।

“অন্য সময়, জনগণকে অরাজনৈতিক বিবেচনা করা হয়। জনগণের কোন রাজনৈতিক কথা বলার স্থান নেই।”

হাফিজ আল আসাদ, প্রমাণ্যচিত্র নির্মাতা, ইয়েলো রোজ

“বিরোধী দল হিসেবে বিএনপি-র কোন রাজনৈতিক যোগ্যতা দেখছি না। অন্যদিকে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ স্বেচ্ছাচারী আচরণ করছে। হরতাল কিংবা অন্য কোন সহিংস আন্দোলন কোন ফলই বয়ে আনবে না।

“বরং আমি মনে করি, জনগণ এতে আরো বেশি কনফিউজড একটা অবস্থায় চলে যাচ্ছে। যতদিন পর্যন্ত রাজনৈতিক নেতারা তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন না করবেন ততদিন কোন ধরনের পরিবর্তনই সম্ভব নয়।”

জান্নাতুল ফেরদৌস, চাকুরীজীবী

“দুই দলের মধ্যে যৌক্তিক সংলাপ হওয়া উচিত এবং অবশ্যই এতে যেন কোন ব্যাক্তিগত বিষয় না থাকে। নাগরিকদের চাওয়া-পাওয়ার বিষয়গুলোর প্রতিফলন প্রয়োজন।

“দেশের বিশিষ্ট নাগরিকদেরও অংশগ্রহণ থাকতে পারে এতে।

“সংলাপের পরে একটি সিদ্ধান্তে উপনিত হতে হবে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করতে হবে।”

শহিদ মোহাম্মদ আদনান, প্রভাষক, আশা বিশ্ববিদ্যালয়

“দুই দলের সংলাপে বসার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল; তখন কিছুটা আশাবাদী হয়েছিলাম।

“ফোনালাপের পরেও মনে হয়েছিল হয়তো ইতিবাচক কোন পরিবর্তন আসছে। কিন্তু আমরা শুধু নিরাশই হয়েছি।

“দুই দলের কেউই আসলে তাদের চাওয়া-পাওয়ারই বিষয়ে নিশ্চিত নয়। বিএনপি জানে না তারা কি চায়, আবার আওয়ামী লীগও নমনীয় হচ্ছে না।

“সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

“জানি না আমরা কোথায় যাচ্ছি।”

আল হাসিব নোমানী, সাংস্কৃতিক কর্মী

“দুই দলকে যখন কেউই বিশ্বাস করছে না, সেহেতু তত্ত্বাবধায়ক যদি হয় সেক্ষেত্রে দায়িত্ব আদিবাসীদের হাতে দিয়ে দেয়া উচিত।

“একই সাথে, তত্ত্বাবধায়কের অধীনে কোন নির্বাচন না হয়ে নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে হোক; অন্তত পরীক্ষামূলকভাবে হোক।

“সেটি যদি ব্যর্থ হয় তাহলে অন্যভাবে চিন্তা করা যেতে পারে।

“নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কিংবা সচিবদের এ দায়িত্ব দেয়া যেতে পারে।”

দিলারা হোসেন, শিক্ষক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

“হরতাল কোন সমাধান নয়। একদিন দুদিন মানা যায়, এরপর বিষয়টি বিষময় হয়ে ওঠে।

“আর আপাতত দুদলের এমন অনড় অবস্থানের মধ্যে কোন আশা আছে বলে মনে হচ্ছে না।

“কেউ যদি একটু নমনীয় হতো, তাহলে হয়তো এ অবস্থা থাকত না।

“দেশের সুশীল যারা আছেন, যাদের সবাই শ্রদ্ধা করে, হতে পারে সেটা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, তারা যদি দুদলের মধ্যে সংলাপের একটা উদ্যোগ নিতে পারেন তাহলে হয়তো একটা সমাধান বেরিয়ে আসতে পারে।”

ইমরান হোসেন, রিয়েল স্টেট ব্যাবসায়ী

“আমাদের রাজনীতিবিদরা কখনোই সাধারণ মানুষের কথা চিন্তা করে না। একদিন হরতাল থাকলে আমাদের কাজ বন্ধ থাকে, এতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। দুই দলের আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো উচিত।”

নাশরা খান, আইনজীবী, ঢাকা জেলা আদালত

“দুই দলের মধ্যে চলমান যে রাজনৈতিক সহিংসতা, বিশেষ করে দুই নেত্রীর ফোনালাপের পর, তাতে আমি অনেক হতাশ। প্রত্যেক দলেরই নিরপেক্ষ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন।

“যদিও আমি ব্যক্তিগতভাবে এদের কাউকেই ক্ষমতায় দেখতে চাই না; তবুও আমরা জনগণ একটি নিরপক্ষে নির্বাচন চাই, যদি সেটা সম্ভব হয়। এই কাদা ছোড়াছুড়ির মধ্যেও ভালো খারাপ বোঝা যাচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটাই খুব ঘোলাটে।”

সৌগত হোসেন, স্কুল শিক্ষক, উত্তরা

“দুই দলের একত্রে বসে ঠিক করতে হবে আসলে তারা কি চায়। জনগণ এ দুই দলের উপরে বিরক্ত হয়ে গেছে। আবার কিছু করারও নাই।”

সায়মা জাহান, বাংলা বিভাগের প্রধান, লালমাটিয়া গার্লস কলেজ

“এই অস্থীতিশীল পরিবেশের কারণে আমরা জনগণ ধুঁকছি। আমি একজন শিক্ষক, প্রতিদিন জীবন বাজী রেখে আমার কাজে যেতে হয়। কিন্তু আমার সব শিক্ষার্থী হয়তো ক্লাশে আসতে পারছে না। এতে তারা পিছিয়ে পড়ছে।

“সত্যিকারের দেশপ্রেমিক হলে এবং এর মৌলিক বিষয়গুলো অনুধাবন করতে পারলে ভিন্ন মতের রাজনীতিবিদরাও আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে পারেন।

“সেই দৃষ্টান্ত বিশ্বের অনেক দেশেই আছে, কিন্তু আমাদের দেশে নেই।

“কথা বলার সময় রাজনীতিবিদদের সংযত হওয়া উচিত, কারণ তাদের কথা সকলেই শোনেন। নতুন ও মেধাবীদের রাজনীতিতে আনতে তারা ব্যার্থ হবেন, যদি না তারা তাদের চিন্তা-ভাবনাকে উন্নত না করেন।”

আব্দুল আজিজ, কম্পিউটার প্রকৌশলী,ঢাকা

“নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।”

হযরত আলী, রিকশাচালক, নারায়নগঞ্জ

“গরিব এমনেও মরে হেমনেও মরে।”

সোহেল, রিকশাচালক, ঢাকা।

“দেশের অবস্থা ঠিক হওয়ার রাস্তা দেখি না। আবার নাকি হরতাল দিতাছে, ঠিক হইব ক্যামনে।

ক্ষমতা ছাইরা ভাল ভাবে নির্বাচন করা উচিত। এক তরফা নির্বাচন করলে কেউ মাইনা নিবো না।

দ্যাশের দুইটা বড় দল, কাউরে ফালায় দেওন যাইবো না।”

রায়হান সিদ্দিক, ব্যবসায়ী, ঢাকা

“আমরা চাই সমঝোতা। সর্বদলীয় সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হলে এ সরকারের প্রধান যেই দলের হবে, সেই দল থেকে মন্ত্রী সভায় তিন ভাগের এক ভাগ মন্ত্রী থাকবে।

“শেখ হাসিনা যদি প্রধান হন, তবে তার জোটের তিনজনের বেশি মন্ত্রী নয় জনের মন্ত্রী সভায় থাকতে পারবে না।”  

মইনুদ্দিন আহমেদ, ঢাকার একটি পেট্ট্রোল পাম্পের মালিক

“আমরা সমঝোতা চাই। দরকার হলে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনই প্রধানমন্ত্রী থাকুক।”

মাহিদ ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

“সরকার এবং বিরোধী, দুই দলেরই জনগণের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ নেয়া উচিত নয়।”

মোহাম্মদ আলী, ট্যাক্সি ড্রাইভার, নারায়ণগঞ্জ

“দাবি মানা, না মানা নিয়ে এখন হরতাল হচ্ছে। এইটায় তো গরিবের কষ্ট। বড় লোকের লোকসান অইলেও খাইতে পারে। কিন্তু যারা দিনে আনে দিনে খায়, তাদের পেটে তো লাথি। কাম নাই তো না খাইয়া থাকতে হয়।

“আমি ভাই রাজনীতি বুঝি না। খালেদাও হরতাল ডাকে, জামায়াতও হরতাল ডাকে, শেখ হাসিনাও হরতাল ডাকে। এটা আমি চাই না।”

নাছির, পেশাজীবী, পশ্চিম মনিপুর

“এসব কইরা কী লাভ! আমরা ভোট দেব। হরতাল, ককটেল এসব আর ভালো লাগে না। আমার মেয়ে দুইটা মনিপুর স্কুলে পড়ে, তাদের পড়াশোনার ক্ষতি হয়। এটা খারাপ লাগে।

“দেশ ভালো চললে রাজনীতি ভালো। এখন মারামারি করছে এটা তো ভালো না। মিলা-মিশা থাকলে তো ভালো।”

নিশু সাহা, দন্তচিকিৎসক, রাঙ্গুনিয়া

“বিরোধী দলকে দমন-পীড়নের আলোচনার পথ রুদ্ধ হচ্ছে। সমঝোতা হবেই আশা রাখি।

“আন্দোলনের কর্মসূচিও বদলানোর সময় এসেছে। বিরোধী দলকে হরতার-নৈরাজ্য ত্যাগ করতে হবে।

“আন্দোলনের নামে সহিংসতার সুযোগ নিচ্ছে কোন পক্ষ। এতে সাধারণের মনে আতঙ্ক যেমন ছড়াচ্ছে, হয়রানির শিকারও হচ্ছি আমরা। নির্বাচন তো করতেই হবে। বছর বছর আন্দোলন হলে দেশ শেষ হয়ে যাবে। এখন নির্বাচনকালীন গ্রহণযোগ্য স্থায়ী সমাধান করতেই হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক, যুগ্মসচিব

“খুব কষ্ট হয়, যখন দেখি হরতালে মানুষ মারা যাচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়।

“বিএনপি তো কোনো সমস্যা নয়। কিন্তু বিরোধী দলের জামায়াতই তো বেশি ঝামেলা করছে।

“ভোটও হতে হবে। বিএনপিকে নির্বাচনে আনতে পারলে সমস্যাটা থাকতো না। দেখি-সমঝোতায় কী হয় শেষ পর‌্যন্ত।

“তবে হরতালের নামে এ ধরনের নৈরাজ্য হলে দেশ-জাতি পিছিয়ে পড়বে। আমরা আর দেশ পিছিয়ে যাক তা চাই না।”

খোকন, দোকানদার, আগারগাঁও

“রাজনীতির মারপ্যাঁচ বুঝি না। মারামারি ভালো লাগে না। খালেদা-হাসিনার কাছে আমাদের চাওয়া-পাওয়া বেশি। আর কোন দিকেও যেতে চাই না। ভোট দেন। ভোটেই ফায়সালা হবে।”

ইব্রাহীম মিয়া, সবজি বিক্রেতা, কেরানীগঞ্জ      

“দুই নেত্রীই ভুল করছে। তাদের হাব-ভাব দেখে মনে হচ্ছে, কেউ জনগণের ভাল চান না, শুধু ক্ষমতা চায়।”

মহসিন মিয়া, কসমেটিকস দোকানদার পুরান ঢাকা

“সবকিছুই বিরক্তিকর মনে হয়। আর ভাল লাগছে না। একটা সমাধান করা উচিত।”

জুম্মন মিয়া, ট্রলারচালক সোয়ারিঘাট

“আপনি ভালা কইরা লেখেন, যেন দুই নেত্রী আমাদের মতো গরিব মানুষের কথা শুনেন। ট্রলার চালাইয়া লাভ হয় না; কারণ যাত্রী নাই।”

শামীম আহমেদ, ব্যবস্থাপক, মার্কেন্টাইল ব্যাংক  

“পরিস্থিতি যা দেখছি। তাতে মনে হচ্ছে কেউ ছাড় দেবে না। জনগণের কাতার থেকে বলব, দুজনের ছাড় দেয়া উচিত।

“আর তত্ত্বাবদায়ক সরকার ও সর্বদলীয় সরকার দুটি নাম বাদ দিয়ে নতুন নামে দিয়ে দুজনকে একটি সমাধনে আসতে হবে।”

রহিম মিয়া, ফল বিক্রেতা, গুলিস্তান মাজার

“হরতাল করুক, কিন্তু বোমা মারায় আমাদের জীবন শংঙ্কায় পড়ে যায়। বোমার আতঙ্কে থাকি সব সময়।

“বলুন স্যার, ওনারা রাজনীতি করেন, কিন্তু আমাদের দোষ কোথায়? আমরা তো আহত হচ্ছি।”

ইমাম হোসেন, মিটফোর্ডের ওষুধ ব্যবাসায়ী

“দু’দলের কাছে অনুরোধ আমাদের আপনারা বাঁচান। এভাবে চলতে পারে না।

“আমার এক আত্মীয় বাসায় রোগে ভুগছে। বোমার ভয়ে হাসপাতালে আনতে পারছি না।”

আতিকুল ইসলাম, শিক্ষক, কেরানীগঞ্জে গার্লস স্কুল এণ্ড কলেজ

“দুজন এমন সমাধনে আসুক যাতে সংবিধানও অটুট থাকে। দুজন ‘মিনিমাইজ’ করলে সব কিছুর সমাধান সম্ভব। সংবিধান নিয়ে বেশি কাটা-ছেঁড়া করা উচিত নয়।”

মোঃ  দুলাল, কাচামাল বিক্রেতা, আদাবর

“দুই দল আলোচনায় বসলে মানুষের কষ্ট কমব।”

মোঃ  হারুণ মিয়া, প্রাইভেট কার চালক

“হরতালে গাড়ি না চললে দেশের উন্নতির চাকাও চলবো না। তাই দেশের স্বার্থে যা ভালো বিএনপি আর আওয়ামী লীগের তা করা দরকার।”

মোঃ  মোক্তার, নরসুন্দর, শান্তিনগর

“ভাই পাটা আর পুতা ঘষাঘষি করলে মসলার বারোটা বাজে। এভাবে দেশে হরতাল চললে মানুষের জীবন চালানো কষ্টকর হয়ে পড়বে।”

মোঃ  রহিম মিয়া, রিকসা চালক, মতিঝিল

“মামা, জীবনের ঝুঁকি নিয়া পরিবারের ভাত হোগাইতে রাস্তায় বাইর হইসি। মামা দেশের জন্য বিএনপি আর আওয়ামী লীগ গো ভাবনের জন্য কিসু লেখেন।”

সঞ্চিতা মোস্তাকীম, গৃহিনী, সাইন্সল্যারেটরি

“দেশের সাধারণ মানুষ এখন নির্বাচন নিয়ে দেশে কী হবে সেটা নিয়ে চিন্তায় আছে। জনগণের আস্থা রয়েছে জনপ্রতিনিধিদের উপর। তারাই চেষ্টা করলে জনগণের দুশ্চিন্তা দূর করতে পারবেন।”

মোঃ জাহাঙ্গীর, সিএনজি চালক, মালিবাগ

“ভাই দেশে নিরাপদে জীবন যাপন করতে চাই। তবে দেশের রাজনীতির অস্থিরতা দূর না হলে মানুষের জীবন বাঁচানো খুব কষ্টকর হবে।”