ইংরেজি স্কুলেও দুটি বিষয় পড়তে হবে বাংলায়
আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতে দুটি বাংলা বিষয় বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় দুটো ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে গুরুত্ব দেয়ারও তাগিদ দিয়েছেন মন্ত্রী।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সভাকক্ষে এই অনুষ্ঠানে নাহিদ বলেন, “২১ ফেব্রুয়ারির মাতৃভাষা আন্দোলন বিশ্ব জয় করেছে। মহান ২১ আজ সারাবিশ্বের ভাষাসংগ্রাম ও বিজয়ের প্রতীক।”
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে।
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার আন্দোলনের ‘পুরোধা’ কানাডাপ্রবাসী বাঙালি রফিকুল ইসলাম ও আবদুস সালামসহ ‘মাতৃভাষা প্রেমিকগোষ্ঠীর’ সদস্যদের অগ্রণী ভূমিকার কথাও স্মরণ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কাফি আনানের উপস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও বিএনপি-জামায়াত জোট সরকারে এসে ইনস্টিটিউটের কোনো কাজই করেনি।
“আমরাই আবার এর নির্মাণ কাজ করেছি। আরো কাজ করতে হবে।”
সরকার এই ইনস্টিটিউটকে ইউনেস্কোর ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জানিয়ে নাহিদ বলেন, “আগামী বছর এটি সম্ভব হবে আশা করছি।”
শিক্ষামন্ত্রী জানান, সরকার নৃ-ভাষা জরিপের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করেছে। শিগগিরই এ কাজ শুরু করা হবে।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলোচনা সভায় বক্তৃতা দেন।
