২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাওয়াত পৌঁছানো শেষ, শপথ বিকালে

নির্বাচনকালীন মন্ত্রিসভার সম্ভাব্য নতুন সদস্যদের সবাইকে আমন্ত্রণ পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

তবে কোন দলের কে কে সেই আমন্ত্রণ পেয়েছেন- সে বিষয়ে মুখ খোলেননি তিনি। 

সোমবার বিকাল ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

তাদের মধ্যে সম্ভাব্য যাদের নাম বিভিন্ন টেলিভিশনে দেখানো হচ্ছে, তার সবই সঠিক নয় বলেও সচিব জানান।    

সকালে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন ভূইঞা বলেন, “গতকাল থেকে আজ পর্যন্ত সবাইকেই আমন্ত্রণ জানানো শেষ হয়েছে। তবে কোন কোন দলের কে কে দাওয়াত পেয়েছেন তা আগে বলার রেওয়াজ নেই। বিভিন্ন দল থেকেই মন্ত্রিসভায় শপথ নেবেন।”

সচিব জানান, আগের মন্ত্রিসভার যারা থাকবেন না, তাদের পদত্যাগপত্র শপথের পরে রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। তারপর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রিদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করবেন।

বিএনপির কেউ আমন্ত্রণ পেয়েছেন কি না জানতে চাইল সচিব একাধিকবার বলেন, “বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি কারো নাম বলতে পারব না।

এই ‘সর্বদলীয়’ মন্ত্রিসভার সদস্য কতোজন হবে, তাও জানাতে অপারগতা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর থেকে বিভিন্ন টেলিভিশনে মন্ত্রিসভার সম্ভাব্য নতুন সদস্য হিসাবে যাদের নাম এসেছে তার সব ঠিক নয় বলেও জানান সচিব।

তিনি বলেন, “টেলিভিশনে যেসব নাম আপনারা দেখছেন তার সব ঠিক না। আপনারা এমন কিছু নাম দেখাচ্ছেন যারা শপথ নেবেন না। এটা তার এবং তার পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে।”

সংবিধান অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। আর প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী এই ‘সর্বদলীয়’ মন্ত্রিসভাই  নির্বাচনের সময়টায় ক্ষমতায় থাকবে।

পুরনো খবর:

‘সর্বদলীয়’ সরকারের শপথ সোমবার