যুবলীগ নেতার বাড়ি থেকে ২ ব্যবসায়ী উদ্ধার
মুন্সীগঞ্জ সদরে এক যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে আটক দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবারর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জাকির হোসেন ব্যাপারীর পাচঁঘড়িয়া কান্দির একটি তালাবন্ধ ঘর থেকে মো. বাপ্পী (২৬) ও মো. ইব্রাহীম নামে দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জাকির হোসেন ব্যাপারীসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় ব্যবসায়ী বাপ্পীর করা একটি মামলা রোববার নথিভুক্ত করা হয়েছে।
সদর থানার এসআই মো. সবুর জানান, শনিবার জাকির হোসেন ব্যাপারীর পাচঁঘড়িয়া কান্দির একটি তালাবদ্ধ ঘর থেকে বাপ্পী ও ইব্রাহীমকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় কাউকে সেখানে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এ সময় জাকির তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেন বলে তিনি জানান।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার বাপ্পীর করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাকির হোসেন ব্যাপারীকে প্রধান আসামি করে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
বাপ্পীর বাড়ি চট্টগ্রাম এবং ইব্রাহীমের বাড়ি চাঁদপুর জেলায়।
