১৮০ কিলোমিটার রেল লাইন সংস্কারে চুক্তি
ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের চিনকি আস্তানা থেকে আশুগঞ্জ পর্যন্ত ১৮০ কিলোমিটার রেল লাইন সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রেলওয়ে।
শনিবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় রেলমন্ত্রী মো. মুজিবুল হক উপস্থিত ছিলেন।
রেলওয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) তাফাজ্জল হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ম্যাক্স অটোমোবাইল প্রোডাক্টস লিমিটেডের পক্ষে প্রকৌশলী জাহিদুর রহমান।
অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম পথের চিনকি আস্তানা থেকে আশুগঞ্জ পর্যন্ত ১৮০ কিলোমিটার রেল লাইনের সংস্কার কাজ দীর্ঘ ৩৭ বছরে কোনো সরকার করেনি।
“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলের যেসব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় ২৯৯ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে রেল লাইন সংস্কার করা হচ্ছে।”
এ প্রকল্প বাস্তবায়িত হলে এই পথে চলাচলকারী রেল দুর্ঘটনা কমবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাব্যবস্থাপক আবু তাহের, সাংসদ মঈন উদ্দিন খান বাদল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।
এর আগে সকালে রেল মন্ত্রী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪৮তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
