আশুলিয়ায় ৫ কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা বের হয়ে আসার পর আশুলিয়ার পাঁচটি কারখানায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ না করে ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ আরও কয়েকটি দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকে।
পরে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী গ্রীন লাইফ ক্লথিং কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকদেরকে বাইরে বের করে নিয়ে আসে।
একই দাবিতে অন্য তিনটি কারখানার শ্রমিকরাও পর্যায়ক্রমে বিক্ষোভ দেখিয়ে কারখানা থেকে বেরিয়ে এলে কর্তৃপক্ষ কারখানা ৫টি একদিনের জন্য ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের অন্য দাবিগুলো হল- কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিক নির্যাতন বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
