২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে দিনব্যাপী তাহের মেলা

তাহেরের ‘সাম্যের স্বপ্ন’ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে দিনব্যাপী কর্নেল তাহের মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু তাহেরের স্ত্রী লুৎফা তাহের শুক্রবার সকালে টিএসসির সড়কদ্বীপে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

লুৎফা তাহের এ সময় বলেন, “তাহের একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতেন। সে লক্ষ্যেই তিনি মুক্তিযুদ্ধ করেছেন, জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। কিন্তু বিশ্বাসঘাতক জিয়াউর রহমান তাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলালো।”

তাহেরের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।   

“তাহের ফাঁসিকাষ্ঠে যাওয়ার আগে বলে গেছেন, জীবন উৎসর্গ করতে না পারলে মানুষের মুক্তি আসবে না।”

কর্নেল তাহের সংসদের সভাপতি কমরেড হায়দার আকবর খান রনো বলেন, “কর্নেল তাহেরের জন্মদিন উপলক্ষে তার দেখিয়া যাওয়া ত্যাগ, আদর্শ ও অনুপ্রেরণা তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের মতো এই মেলার আয়োজন করা হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাহের সংসদের একটি মিছিল টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে যায়। সেখানে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের।

দিনব্যাপী এ মেলার অংশ হিসাবে বিকালে মেলা প্রাঙ্গণেই আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

কমরেড হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে বাংলাদেশের ওয়য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, তাহের সংসদের সাধারণ সম্পাদক বিনা শিকদার উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচনাসভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সমরনায়ক কর্নেল তাহেরের জন্ম ১৯৩৮ সালের ১৪ নভেম্বর আসামের বদরপুর স্টেশন এলাকায় নানার বাড়িতে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়।

১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছর ২২ মার্চ হাই কোর্টের রায়ে বলা হয়, জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল।

তাহেরকে শহীদের মর্যাদা দেয়ার পাশাপাশি কথিত সামরিক আদালতের বিচারকের বিরুদ্ধে খুনের মামলা করারও নির্দেশ দেয় হাই কোর্ট।