‘ইউসুফের নির্দেশেই বড় ভাইকে হত্যা করে রাজাকাররা’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের পঞ্চম সাক্ষী আব্দুল জলিল ওরফে টুনু।
সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৩ মে তার বড় ভাই মুক্তিযোদ্ধা আবু বকরকে রাজাকাররা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে ইউসুফের নির্দেশে নির্যাতন করার পরে হত্যা করে। পরে ওই ক্যাম্প থেকে ভাইয়ের লাশ ফিরিয়ে নিয়ে আসার সময় সেখানে উপস্থিত ছিলেন ইউসুফ।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বৃহস্পতিবার সাক্ষ্য দেন আব্দুল জলিল।
৫৮ বছর বয়সী আব্দুল জলিল বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার কাঁঠালতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন গৃহস্থ।
ফাইল ছবি
মুক্তিযুদ্ধের সময় তাদের এলাকার অনেক লোকদের অস্ত্র, জামাকাপড় দিয়ে খুলনায় নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেন তিনি।পরবর্তীতে ২০-২২ জন রাজাকারকে নিয়ে মোড়েলগঞ্জের বোয়ালখালি ইউনিয়ন পরিষদে অফিসে (বর্তমানে নদীগর্ভে বিলীন) ক্যাম্প স্থাপন করেন।
ভাইয়ের শহীদ হওয়ার ঘটনা বর্ণণা করে তিনি বলেন, “আমার বড় ভাই আবু বকর, লিয়াকত আলীর খানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭১ সালের ১৩ মে সকাল ৮টার দিকে আমি বাড়িতেই ছিলাম। এসময় খবর পাই, আমার বড়ভাইকে রাজাকাররা ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে।”
“এ কথা শুনে আমি ভগ্নিপতি হাফেজ উদ্দিন তালুকদারকে নিয়ে রাজাকার ক্যাম্পে গিয়ে দেখি আমার ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। একেএম ইউসুফ সেখানে উপস্থিত ছিলেন। দাফন-কাফন করতে লাশ নিয়ে যাওয়ার অনুমতি চাইলে ইউসুফ লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেন।”
সাক্ষী আরো জানান, ১৯৭১ সালের ১৭ মে ২০-২২ জন রাজাকার নিয়ে একেএম ইউসুফ মোড়েলগঞ্জ বাজারে আসেন। এসময় তিনি স্বাধীনতার পক্ষের এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের খতম করার নির্দেশ দেন।
এ ‘নির্দেশ’ পেয়ে সকাল ১০টা সাড়ে দিকে মোড়েলগঞ্জ বাজার আক্রমণ করে মুক্তিযোদ্ধা স ম কবির, আহম্মেদ মধু, লিয়াকত আলী খানের বাড়ি লুটপাটের পর জ্বালিয়ে দেয় রাজাকাররা।
“এছাড়াও এদিন একেএম ইউসুফের নির্দেশে মোড়েলগঞ্জ বাজারের তিন-চারশ’ দোকান লুটপাট করা হয়। ২২টি বাড়ি লুট করার পর জ্বালিয়ে দেয়া হয়,” বলেন জলিল।
তিনি আরো জানান, ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে একেএম ইউসুফ পাকিস্তানি সৈন্যদের নিয়ে মোড়েলগঞ্জ বাজারে এসে রাজাকারদের নির্দেশ দেন স্বাধীনতার পক্ষের লোকদের ধরে মেরে ফেলার জন্য। রাত ১০টা সাড়ে ১০টার দিকে পাক সেনারা মোড়েলগঞ্জ বাজার আক্রমণ করে।
এসময় রাজাকাররা অমর দাশ, শান্তি রঞ্জন দাস, পীযুষ কান্তি ঘড়াইসহ পাঁচ-ছয়জনকে আটক করে। এরপর রাত আনুমানিক ১২টার দিকে মোড়েলগঞ্জ লঞ্চঘাটের পন্টুনে উঠিয়ে একের পর এক গুলি করা হয় তাদের।
লঞ্চঘাটের আশেপাশে লুকিয়ে অন্যদের সঙ্গে এ ঘটনার প্রত্যক্ষদর্শী জলিল জানান, এদের মধ্যে তিনজনকে হত্যা করার পর পীযুষ কান্তি ঘড়াই লাফিয়ে নদীতে পড়ে সাঁতরে পালিয়ে যায়।
“অমর দাশের হাতে গুলি লাগলে সে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে নদী পাড় হয়ে ভারতে চলে যায়। সে আর ফিরে আসেনি। পীযুষ কান্তি ঘড়াই বেঁচে আছেন।”
এছাড়া তিনি আরো জানান, মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন বলে ডা. আব্দুল মজিদকে মেরে ফেলার নির্দেশ দেন একেএম ইউসুফ।
১৯৭১ সালের ২৬ জুলাই বিকেল ৫টার দিকে ডা. মজিদকে নদীতে কোমর সমান পানিতে নামিয়ে গুলি চালিয়ে হত্যা করে রাজাকাররা।
এ ঘটনা তিনি ছাড়া আরো অনেকেই দেখেছেন বলে সাক্ষ্যে জানান জলিল।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে এ সাক্ষীকে জেরা করেন আসামীপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম। পরে জেরা অসমাপ্ত অবস্থায় আগামী রোববার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করা হয়।
