কড়াইল বস্তিতে শিশু খুন
রাজধানীর কড়াইল বস্তিতে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই বস্তিতে থাকা চার হিজড়াকে সন্দেহবশত আটক করে পুলিশে দিয়েছে বস্তিবাসী।
বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম কড়াইল ঝিলপাড়া বস্তি থেকে উদ্ধার করা হয় আট বছর বয়সি সুমি খানমের লাশ।
“লাশ দেখার পরপরই ক্ষুব্ধ বস্তিবাসী চার হিজড়াকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।”
তবে এই ঘটনায় বস্তিবাসীর কাছে মূল সন্দেহভাজন আরেক হিজড়া পলাতক বলে ওসি জানান।
নিহত সুমির বাবা বাচ্চু গাজী রিকশাচালক এবং মা সুফিয়া বেগম গৃহকর্মী। নিহতের পরিবার আটক হিজড়ারা ওই বস্তির ওই এলাকায় পাশাপাশি বসবাস করেন।
বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালেই কাজে বেরিয়েছিলেন তিনি। প্রতিবেশী এক হিজড়া খবর দেয়ার পর বেলা ১১টার দিকে তিনি বস্তিতে আসেন।
বাচ্চু বাসার কাছাকাছি এলে পলাতক হিজড়া তাকে জানায়,সুমি তার চার হাজার টাকা চুরি করেছে সুমি। এজন্য সে সুমিকে মারধর করেছে।
“সেখানে বাড়িওয়ালা খাদিজা বেগমের মেয়ে আমেনা বেগম ছিল। আমেনা বলে, টাকাগুলো সুমি নেয়নি, সে দুষ্টুমি করে লুকিয়ে রেখেছিল।”
এরপর বাচ্চু ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সুমিকে দ্রুত মহাখালী মেট্রোপলিটান হাসপাতালে নিয়ে যান তার মামা একই জায়গার বাসিন্দা আশরাফ আলী টিটু। সেখানে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
