সংক্ষিপ্ত সফরে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ২টা ১০ এ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে কলম্বোর পথে রওনা হয়।
মন্ত্রিসভার সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বিকালে কলম্বোর বন্দরনায়েক বিমানবন্দরে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুতমন্ত্রী পবিত্রা দেবী ভানিয়ারাচ্চি।
দক্ষিণ এশিয়ার দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার সাইফুর রহমানও বিমানবন্দরে ছিলেন।
শ্রীলঙ্কা থেকে ফিরে শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠন করবেন বলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ইতোপূর্বে জানিয়েছেন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার সময় নিউজি ল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন না। সম্মেলনে দেশটির প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গেও বৈঠক হবে শেখ হাসিনার।
এই সফরে প্রধানমন্ত্রী কলম্বোর তাজ সমুদ্র হোটেলে থাকবেন। সফরের প্রথম দিনেই তার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
পরদিন সকালে সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে সরকার প্রধানদের সম্মানে কমনওয়েলথ মহাসচিবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শুক্রবার রাতেই তার দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
