আশুলিয়া ফের রণক্ষেত্র
কারখানা মালিকরা মজুরি বোর্ড ঘোষিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব মেনে নেয়ার পর এবার আট হাজার টাকার দাবিতে ভাংচুর সংঘর্ষে জড়িয়েছে আশুলিয়ার পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। আশুলিয়া এলাকার দুই শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।
পরে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের সময় শ্রমিকদের ছোড়া ইটে নারী কনস্টেবল জ্যোতি আহত হয়েছেন। তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
নারী ও শিশুসহ আহত অনেকেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরিদর্শক আবদুস সাত্তার জানান, গত কয়েক দিন ধরে টানা অস্থিরতার প্রেক্ষাপটে বিজিএমইএর সিদ্ধান্তে বুধবার আশুলিয়ার সব কারথানা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় আসার পরপরই আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকদের বক্তব্য, হেলপারদের বেতন ৫৩০০ টাকা করার কথা বলা হলেও অপারেটরদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা এখনো আসেনি।
মজুরি বোর্ডের ঠিক করা ৫ হাজার ৩০০ টাকা নূন্যতম বেতন কাঠামোয় এতোদিন আপত্তি তুললেও মালিকপক্ষ বুধবার রাতে তা মেনে নেয়ার ঘোষণা দেয়। এই কাঠামো চূড়ান্ত হলে তাতে সব পর্যায়েই বেতন বৃদ্ধির বিস্তারিত থাকার কথা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে কারখানা থেকে বেরিয়ে যায় এবং আশেপাশের গার্মেন্টে ঢিল ছুড়তে শুরু করে।
এক পর্যায়ে নরসিংহপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ সময় কয়েকটি যানবাহনেও ভাংচুর চালায় শ্রমিকরা।
এদিকে সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা গোরাট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
এরপর নরসিংহপুর, বেরন এলাকাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে শ্রমিক, পুলিশ ও পথচারীসহ অর্ধশতাধিক লোক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আশুলিয়ার জিরানী এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ এসে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এই পরিস্থিতিতে বাইপাইল থেকে জিরাব এবং জিরাব থেকে বিশমাইল এলাকা পর্যন্ত এলাকার অধিকাংশ পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয় বলে শিল্প পুলিশের কর্মকর্তা আব্দুস সাত্তার জানান।
তিনি বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে।”
এর আগে বুধবার বিকেলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ ও স্যুয়েটার শ্রমিকদের কাজের আগেই মজুরি নির্ধারণের দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকার সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা মেনে নেওয়ার দাবি জানান।
আর তা না হলে ২১ তারিখের পর সব কারখানায় ধর্মঘট পালনেরও আহ্বান জানান তিনি।
