আশুলিয়ার কারখানা বৃহস্পতিবার খোলা থাকছে
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বুধবারের পর বৃহস্পতিবারও আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত বদলেছেন কারখানা মালিকরা।
মঙ্গলবার দিনভর বিক্ষোভ-ভাংচুরের পর আশুলিয়ার কারখানার মালিকরা জরুরি বৈঠক করে বুধবার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তবে এদিন সাভার ও গাজীপুরে বিক্ষোভ-সংঘর্ষের পর রাতে বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারও আশুলিয়ার সব কারখানা বন্ধ থাকবে।
এর মধ্যে রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজিএমই ও বিকেএমইএ নেতারা। সেখানে ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নেন তারা।
এরপর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, আশুলিয়ার কারখানাগুলো বৃহস্পতিবার খোলা থাকবে।
এদিকে পোশাক শিল্পে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বৃহস্পতিবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিরোধী দলের হরতালের মধ্যেই ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
মঙ্গলবার শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর বাইপাইল থেকে জিরাবো এবং জিরাবো থেকে বিশমাইল পর্যন্ত সড়কের দুই পাশের দেড়শ’ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী জানান, আশুলিয়া অঞ্চলে ২৫০টি পোশাক কারখানা রয়েছে, যাতে কাজ করে ৪ লাখের বেশি শ্রমিক। এসব কারখানায় বাংলাদেশ থেকে রপ্তানি করা মোট পোশাকের ১৮ থেকে ২০ শতাংশ প্রস্তুত হয়।
