২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩০০ টাকা মজুরি মেনে নিল মালিকরা

শুরুতে রাজি না হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 10:44 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করে সরকার গঠিত মজুরি বোর্ড। 

গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর তা প্রত্যাখ্যান করে কারখানা বন্ধের হুমকিও দেয় শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

এরপর নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে বুধবার গণভবনে মালিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের পর মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মজুরি বোর্ডের প্রস্তাব মেনে নিয়েছি।

“গেজেট নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তা বাস্তবায়ন করব।”

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামসহ পোশাক শিল্প মালিকদের দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রমসচিব মিকাইল শিপারও বৈঠকে ছিলেন।

মিকাইল শিপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী হস্তক্ষেপে শিল্প মালিকরা মজুরি বোর্ডের সুপারিশ মেনে নিয়েছেন।

“প্রধানমন্ত্রী শিল্প মালিক নেতাদের বলেছেন, তাদের যেসব সমস্যা রয়েছে, সে বিষয়গুলো তিনি দেখবেন। মালিক নেতারা যেন ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মেনে নেন। এরপর তারা তা মানার কথা জানান।”

সাধারণত ৫ বছর পর পর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করার নিয়ম থাকলেও বাংলাদেশে কখনোই তা ঠিকভাবে অনুসরণ করা হয়নি।

এর আগে সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।

গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের পর বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।

বিদেশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়ার প্রেক্ষাপটে গত জুনে পোশাক খাতের বেতন পুননির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড ঘোষণা করে সরকার।

সাবেক জেলা জজ এ কে রায়ের নেতৃত্বে এই বোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি ছাড়াও নিরপেক্ষ সদস্য হিসাবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দীন।

বোর্ড কয়েক দফা বৈঠক করেও মজুরির বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের একমত করাতে ব্যর্থ হয়। শ্রমিকরা ন্যূনতম ৮ হাজার টাকা মজুরির দাবি তোলে। আর মালিক পক্ষ ৪ হাজার ২০০ টাকারে বেশিতে রাজি হচ্ছিল না।

ঘোষণার দেরিতে রাজপথে শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের সভায় ভোটাভুটিতে ৫৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পাস হয়। সেদিন মালিকদের প্রতিনিধিরা সভা ছেড়ে বেরিয়ে যান। 

পরে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের ওই অর্থ দেয়ার সামর্থ্য বাংলাদেশের পোশাক খাতের নেই।

প্রস্তাবিত ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরির মধ্যে মূল বেতন ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।

এছাড়া ১ হাজার ২৮০ টাকা বাড়ি ভাড়া, ৩২০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা যাতায়াত ভাতা এবং খাদ্য ভর্তুকি বাবদ ৩০০ টাকা ধরা হয়েছে।

বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধিরা এই প্রস্তাব মেনে নিলেও শ্রমিকদের কিছু সংগঠন ৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পুরনো খবর:

পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বসছে সরকার
পোশাক খাতে ৫৩০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব
ন্যূনতম মজুরি ৪৫০০ টাকার বেশি হলে গার্মেন্ট বন্ধের হুমকি