হাটহাজারীতে হরতাল সমর্থকদের হামলা, ৫ পুলিশ আহত
হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকরা জানান, বিকাল ৫টার দিকে মির্জাপুর ইউনিয়নের বটতল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়।
এরপর হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ জাকির হোসেনকে আটকের চেষ্টা করে পুলিশ। পরে হরতাল সমর্থকরা ফের সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
এ সময় আশেপাশের গ্রাম থেকে বিএনপি-জামায়াতের সমর্থকরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইট-পাটকেলের আঘাতে পাঁচ-ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
“ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ফাঁকা গুলি করেছি।”
