১৫ ঘণ্টায় পৌনে ৪শ’ বোমা উদ্ধার
বিরোধী দলের হরতালে বিক্ষিপ্ত বিস্ফোরণের মধ্যে রোববার রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে কাঁঠাল বাগানের একটি বাড়ি থেকে ১৭৯টি, আজিমপুরের একটি বাড়ি থেকে ১৬৭টি হাতবোমা উদ্ধার করা হয়।
এছাড়া আদাবরের শেখেরেটেক এলাকায় ১২টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারের কাছে ১৮টি হাতবোমা পাওয়া যায়।
বিরোধী জোটের হরতালের মধ্যে গত তিন সপ্তাহজুড়ে রাজধানীসহ সারাদেশে হাতবোমা বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
উদ্ধার করা ৩৭৬টি বোমাও হরতালে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
কাঁঠাল বাগানের বোমাগুলো ইসলামী ছাত্রশিবিরের একটি মেস থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সংগঠনটির ১৪ কর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মামলায় আসামিরা হলেন- মো. শফিকুল ইসলাম (২৫), মো. দেলোয়ার হোসেন (২৬), মো. ফয়সাল হোসেন (১৯), আসলাম হোসেন (১৬), শওকত আলী (২২), রোকনুজ্জামান রঞ্জু (২০), সিরাজুল হক (২১), মোহাম্মদ হাসান, শিপন, আফসার, বোরহান, তুহিন, সুমন ও সাকিব।
এদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হযেছে বলে কলাবাগার থানার ওসি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আজিমপুরে এক প্রবাসীর বাড়িতে ১৬৭টি বোমা পাওয়ার ঘটনায় দারোয়ান কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে লালবাগ থানা পুলিশ।
আদাবরের শেখেরেটেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমাগুলো পাওয়া যায় পড়ে থাকা অবস্থায়।
ফাইল ছবি
ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বলে মহানগর পুলিশের সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন জানিয়েছেন।
বাড়ির তত্ত্বাবধায়ক এনএসআই কর্মী, ভেতরে বোমা
আজিমপুরে যে বাড়িতে ১৬৭টি বোমা পাওয়া গেছে, ওই বাড়ির তত্ত্বাবধানে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের এক কর্মী।
বাড়ির মালিক শেখ গুলজার হোসেন ৩৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। ভাগ্নে শেখ মনসুর আলী বাড়ির রক্ষণাবেক্ষণ করতেন, তিনি এনএসআইয়ের সদর দপ্তরের অফিস স্টাফ।
পরিচয় জানার পর মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমি এনএসআইয়ে কাজ করি, এটা লিখবেন না।”
আজিমপুর গোরস্থানের পাশে ইরাকি মাঠ সংলগ্ন নিউ পল্টন লাইনের ওই জমির মালিক শেখ গুলজার।
সেখানে নির্মিত একটি টিনশেড বাসায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে বোমাগুলো পাওয়া যায় বলে লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিম জানিয়েছেন।
মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এপ্রিল মাসে দুই যুবক এক কক্ষের টিনশেডের ঘরটি ভাড়া নেন।
ভাড়া দেয়ার আগে তাদের বিষয়ে কোনো ধরনের তথ্য তার কাছে ছিল না দাবি করে তিনি বলেন, দারোয়ানের অনুরোধেই তাদের বাসাটি ভাড়া দেয়া হয়েছিল।
বোমার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ান কামাল মিয়াকে হেফাজতে নিয়েছে লালবাগ থানা পুলিশ।
কামাল মিয়ার কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কি না- জানতে চাইলে মনসুর বলেন,“তিনি নিয়মিত নামায পড়েন, তাকে আমি অবিশ্বাস করি না।”
তবে পাশের বাড়ির এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা যাদের কাছে বাসাটি ভাড়া দিয়েছিল, তাদের ভাড়া না দিতে অনেক প্রতিবেশীই অনুরোধ করেছিল। কিন্তু রহস্যময় কারণে তারা কারো কথা শোনেনি।”
ওসি নুরুল মুত্তাকিম বলেন, হাতবোমার পাশাপাশি বিপুল পরিমাণ সালফার, মারবেল, কাচের টুকরা, স্কচটেপসহ বোমা তৈরির উপাদান বিভিন্ন রাসায়নিক পদার্থ ওই ঘরে পাওয়া গেছে।
অভিযানের সময় ঘরে কেউ ছিল না। ঘরটি শিবিরের মেস ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান।
