চট্টগ্রামে ভারতীয় ভিসা অফিসের সামনে বিস্ফোরণ
বিরোধীদলের হরতালের মধ্যে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খুলশী এলাকার জাকির হোসেন সড়কের ওই কার্যালয়ের দেয়াল ঘেঁষে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অবশ্য পুলিশ দাবি করছে, হাতবোমা নয়; বরং ফটকা জাতীয় কোনো কিছুর বিস্ফোরণ ঘটানো হতে পারে। কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে তাও নিশ্চিত হতে পারেনি তারা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রোববার থেকে সারা দেশে ১৮ দলের ৮৪ ঘণ্টার হরতাল চলছে। হরতালের আগের রাতেই নগরীতে বিটিভির আঞ্চলিক কার্যালয় ও প্রেসক্লাব এলাকা থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে দায়িত্বরত খুলশী থানার এসআই মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণের পর কার্যালয়ের বাইরের দেয়ালে একটি কালো দাগ ও ঘটনাস্থলে কিছু কাগজের টুকরো পাওয়া গেছে। আতঙ্ক ছড়াতে পটকার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
খুলশী থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে একটি আওয়াজ হয়েছে।
