বিক্ষিপ্ত সহিংসতা দ্বিতীয় দিনের হরতালে
ভাংচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৮৪ ঘণ্টার হরতাল চলছে।
হরতালের দ্বিতীয় দিন সোমবার এবং আগের রাতে বিভিন্ন জেলা থেকে ৭৬ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে রয়েছে পাবনায় ১৫, কক্সবাজারে ২, গাজীপুরে ১১, রাজবাড়ীতে ৮, ফেনীতে ৫, সিরাজগঞ্জে ৭, বরগুনায় ৬, শরীয়তপুরে ৫ এবং ভোলায় ১৭ জন।
পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে চার জেলায় ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রাজবাড়ীতে ৬, ফেনীতে ৩, সিরাজগঞ্জে ১০ এবং দিনাজপুরে ৫ জন।
নির্দলীয় সরকারের অধীনে আসন্ন সংসদ নির্বাচনের দাবি এবং বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার থেকে সারাদেশে ৮৪ ঘণ্টার হরতাল ডাকে ১৮ দলীয় জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রাজশাহী
বেলা ১২টার দিকে নগরীর সোনাদিঘী মোড়ে ও শালবাগান মোড়ে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছে।
পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে পাঁচ হরতাল সমর্থককে আটক করেছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, সোনাদিঘী মোড়ে ছাত্রদল কর্মীরা রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করার সময় সেখানে পুলিশ পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি বলেন, একই সময় শালবাগান মোড়ে ছাত্রদলকর্মীরা রাস্তায় অববোরধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এ সময় ওইদিক দিয়ে যাওয়ার সময় একটি বিজিবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে করতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছোড়ে।
নগরীর বিভিন্ন স্থান থেকে পাঁচজন হরতাল সমর্থককে আটক করা হয় বলে ওসি জিয়া জানান।
বরিশাল
সকালে নগরীর সিএ্যান্ডবি রোড কলেজ এভিনিউর মুখে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ময়লা বহনকারী একটি ট্রাকে ভাংচুর করেছে পিকেটাররা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, কলেজ এভিনিউর মুখে জমে থাকা ময়লা অপসারণের জন্য ট্রাক নিয়ে সেখানে যান পরিচ্ছন্ন কর্মীরা।
এ সময় একদল যুবক আকস্মিকভাবে ট্রাকটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে ট্রাকের সামনের গ্লাস ভেঙে যায়।
জেলা শহরে কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ করেছে হরতাল সমর্থকরা। এছাড়া হরতালের সমর্থনে বিএনপি ও শিবির শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে।
এর আগে রোববার রাতে পিকেটারদের ধাওয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী আহত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার জানান, ভোরে জেলা শহর থেকে দুই বিএনপি ও দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। একই সময়ে ছাগলনাইয়া উপজেলায় এক বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ
পুলিশ ও জামায়াত-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এদিকে, সদর থানা এলাকায় হাতবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে ফকিরপাড়া মোড়ে সকালে পুলিশ ও পিকেটারদের বিক্ষিপ্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এতে রাবার বুলেটের স্পিটারের আঘাতে বিএনপিকর্মী শাহ আলম, আবু সামা, সুইট, মিজান, তারিকুল, মামুন, ফজেল হক, কামরুল ইসলাম, ফারুক হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়।
শহরের বিভিন্ন স্থানে ভোরে টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থকদের পিকেটিং করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, থানায় হোতবোমা নিক্ষেপের ঘটনায় রোববার রাতে ও সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
দিনাজপুর
সকালে বীরগঞ্জ উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, গোলাপগঞ্জ বাজারে আওয়ামী লীগ একটি হরতাল বিরোধী মিছিল বের করে এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলার আহবান জানায়। একই সময়ে বিএনপি হরতালের সমর্থনে একটি মিছিল বের করে।
এর কিছুক্ষণ পর দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা
সকালে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের সময় পুলিশ বাবুল ও আলামিন নামের দুই পিকেটারকে আটক করেছে।
এছাড়া রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আরো ১৫ জন বিএনপি-জামায়াতকর্মীকে নাশকতার আশংকায় আটক করেছে।
পিকেটাররা ঘুইংগারহাটসহ বিভিন্ন এলাকায় কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভাংচুর করে।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আটকের খবর নিশ্চিত করেছেন।
পাবনা
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, , নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে সোমবার পুলিশ ১৫ জনকে আটক করেছে।
এর মধ্যে ঈশ্বরদী থেকে ৮ জন, চাটমোহর থেকে ২ জন, সুজানগর থেকে ২ জন, আটঘরিয়া তেকে ২ জন ও পাবনা সদর থেকে একজনকে আটক করা হয়।
সোমবার বেলা ১২ টার দিকে চকরিয়া উপজেলায় দুইটি হাতবোমাসহ যুবদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, হরতালের সমর্থনে পিকেটিং করার সময় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয় বলে তিনি জানান।
গাজীপুর
নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ১১ সমর্থককে আটক করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, রোববার রাতে জয়দেবপুর থানার কয়েকটি এলাকা থেকে ছয় জনকে আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
রাজবাড়ী
সকালে জেলা শহরে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ছয় জন আহত হয়।
পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আট জনকে আটক করেছে।
বরগুনা
নাশকতা সৃষ্টির আশংকায় বেতাগী উপজেলা জামায়াতের সাবেক আমির মো. শাহজাহান মিয়াজিসহ ছয় জনকে পুলিশ আটক করেছে।
বেলা ১১টার দিকে বরগুনায় বিএনপিসহ ১৮ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শরীয়তপুর
বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুরে শরীয়তপুর আদালতপাড়ায় একটি বিক্ষোভ মিছিল করেছে।
মিছিল শেষে তারা জেলা আইনজীবী সমিতির সামনে এক সমাবেশ করে নেতাদের মুক্তি দাবি করেন।
