২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজিদের বাসে হামলা, আহত ২৩

বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে চট্টগ্রাম ও নাটোরে হাজি বহনকারী বাসে হামলায় আহত হয়েছেন অন্তত ২৩ হজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:43 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

সোমবার রাতে নাটোরের তেবাড়িয়া এলাকায় হাজিদের বহনকারী পাঁচটি বাস ভাংচুরের মুখে পড়ে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হন ২০ জন।

অন্যদিকে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে ঢিলে আহত হয়েছেন বাসযাত্রী তিনজন হাজি।

টানা ৮৪ ঘণ্টার হরতালের  দ্বিতীয় দিনে এই হামলার জন্য বিরোধী দলের কর্মীদের দায়ী করেছে পুলিশ।

বিরোধী দল হাজিদের গাড়ি হরতালেরর আওতামুক্ত রেখেছিল বলে মহাসড়কে বাস না চললেও সৌদি ফেরত হাজিরা গাড়ি নিয়ে গন্তব্যে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, রাত সাড়ে ৮টার দিকে নাটোরের তেবাড়িয়ায় হাজিদের নিয়ে রাজশাহীমুখী পাঁচটি বাসে হামলা হয়।

এতে অন্তত ২০ হাজি আহত হন। এর মধ্যে ১৫ জনকে রাজশাহীর পুঠিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হাজি বহনকারী শিশির পরিবহনের চালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০/২৫ জন যুবক বাস দেখেই ইট ছুড়তে শুরু হরে। এতে পাঁচটি গাড়ির সামনের ও জানালার কাছ ভেঙে যায়।

আহত যাত্রীদের নিয়ে চালকরা দ্রুত বাস চালিয়ে নিয়ে আসেন।

হজ করে আসা রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার মাহফুজুর রহমান লোটন বলেন, “গাড়ির ভাঙা কাঁচ ও ইটের আঘাতে ২০ হাজি আহত হয়েছেন।”

পুঠিয়া থানার ওসি আবু ওবায়দা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ পাহারায় হাজি বহনকারী বাসগুলো রাজশাহী পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো জানায়, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানী হাট এলাকায় হাজিবাহী একটি বাসে হামলা হয়। এতে আহত হন তিনজন।

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হাজিদের নিয়ে বাসটি কেরানী হাট এলাকায় পৌঁছলে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা।

আহত তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে মহাসড়কের বাজালিয়া এলাকাতে ইসলামী ছাত্রশিবিরকর্মীরা কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে বলে পুলিশ জানায়।

সাতকানিয়া থানার এসআই আবদুল খালেক জানান, খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে তারা আশপাশের বিভিন্ন গ্রামে সটকে পড়ে।