নারায়ণগঞ্জে ডাকাতের গুলিতে স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।
শনিবার ভোররাতে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার এই ঘটনায় নিহত সালমান (১২) ওই এলাকার শাহ জালালের ছেলে। সে কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, শান্তিনগর এলাকার জামাল ভূইয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে।
ডাকাতিতে বাধা দিলে জামাল ভূইয়ার ছেলেকে মুন্নাকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
ডাকাতির কথা শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
ডাকাতদের গুলিতে নিহত সালমানের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে বন্দর থানার ওসি আখতারুজ্জামান জানিয়েছেন।
ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ইকবাল, সাইফুল, ইমরান ও সালমানের নানি আমেনা খাতুন।
ডাকাতরা এক পর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে ট্রলারযোগে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
ওসি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি হাতবোমা ও একটি রাম দা উদ্ধার করেছে।
ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে জামাল নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
