রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের জন্মদিন পালিত
বিশিষ্ট কবি মুহম্মদ নুরুল হুদা ও কবি বিনয় বর্মনকে সম্মাননা প্রদান করেছে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
এছাড়া স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সঙ্গীতে খাদেমুল ইসলাম বসুনিয়া, সাহিত্যে আনওয়ারুল ইসলাম রাজু এবং সমাজসেবায় রুবী মঞ্জুরকে পদক প্রদান করা হয়।
‘সাহিত্যের শুদ্ধতায় আলোকিত জীবন’ গড়ার প্রত্যয়ে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ শুক্রবার ১১তম জন্মদিন পালন করেছে।
দিনটিকে ঘিরে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে রংপুর টাউন হলে আয়োজন করা হয় আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানের।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক এস এম জাহিদ হোসেন।
সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাহিত্য সম্পাদক মুহম্মদ নুরুল হুদা এবং কবি ও অনুবাদক বিনয় বর্মন।
অনুষ্ঠানে অধ্যাপক সামসুল হক, সংগঠনের সভাপতি অধ্যাপক মাহ আলম, সাধারণ সম্পাদক স্বাত্ত্বিক শাহ আল মারুফ, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক আফতাব হোসেন বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলীম উদ্দিন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
জন্মদিনকে ঘিরে সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিকালে বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাহিত্য বৈঠকের আয়োজন করা হয়।
