২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জলদস্যু নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 01:22 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের আলামিন বাজারের পূর্বপাশে অভিযানের সময় এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।

এতে কালু বাহিনীর প্রধান কালু (৪৫), তার সহযোগী রিপন (৩৫) ও রুবেল (৩৫) নিহত হন বলে জানান জেলার পুলিশ সুপার আনিসুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্যুদের অবস্থান সম্পর্কে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশ ও সুবর্ণচর থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন বলে জানান পুলিশ সুপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

“দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনটি ‍মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

ঘটনাস্থল থেকে একটি এলজি রাইফেল, পাঁচ রাউন্ড গুলি ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, কালু ও তার বাহিনীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে হাতিয়া, সুবর্ণচর ও রামগতিসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

নোয়াখালীর উপকূলীয় অঞ্চলকে দস্যুমুক্ত করতে গত ২৭ অগাস্ট থেকে স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ ও থানা পুলিশের অভিযান চলছে।

ইতোমধ্যে ওই অভিযানে হাতিয়া অঞ্চলে ছয় ‘ডাকাত’ নিহত ও অস্ত্রসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।