ঝিনাইদহে পুলিশ হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াতের ডাকা হরতালে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ হত্যার ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোতাহার হোসেন জামায়াতে ইসলামীর একজন রুকন এবং হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার বাকচুয়া লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির সাঈদীর ফাঁসির রায় আসার পর সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে ৩ ও ৪ মার্চ ৪৮ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।
হরতালের প্রথম দিন রোববার সকালে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্সে হামলা চালায়। বাধা দিলে তারা লাঠিসোটা ও রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। আহত হন আরো চার পুলিশ সদস্য।
এঘটনায় মোতাহার হোসেনকে প্রধান আসামি করে জামায়াত-শিবিরের অজ্ঞাত আরো অন্তত পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
