২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাস চেয়ে আলিমের আপিল

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারাদণ্ডে দণ্ডিত আব্দুল আলিম খালাস চেয়ে আপিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 02:52 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বিএনপির এই সাবেক মন্ত্রীর পক্ষে তার আইনজীবী জয়নুল আবেদীন তুহিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেন।

পরে আলিমের আরেক আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নয়টিতে ট্র্রাইব্যুনাল তাকে শাস্তি দিয়েছে। সব অভিযোগেই তার খালাস চেয়ে আমরা ১২০টি যুক্তি দেখিয়েছি।”

তিনি জানান, ১৪৬ পৃষ্ঠার মূল আপিলে তথ্য প্রমাণসহ মোট ২ হাজার ৮৭৬ পৃষ্ঠা রয়েছে।

“আমরা আপিলে বলেছি, দুর্বল যুক্তির উপর ভিত্তি করে আবদুল আলীমকে শাস্তি দেয়া হয়েছে।”

তাজুল বলেন,  রায়ে আলীমকে জয়পুরহাট শান্তি কমিটির সভাপতি হিসাবে উল্লেখ করে বলা হয়েছে, তিনি সেখানে পাকিস্তান সেনাবাহিনীকেও নির্দেশনা দিয়েছেন।

“কিন্তু আমরা বলেছি, তিনি শাস্তি কমিটির কোনো অংশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। স্বাধীনতা যুদ্ধ শুরুর পর তিনি ২০ এপ্রিল তার গ্রামের বাড়িতে চলে যান। যুদ্ধের শেষ পর্যন্ত তিনি সেখানেই আত্মগোপন করে থাকেন।”

স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে গত ৯ অক্টোবর আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

রায়ে বলা হয়, “কোনো মানুষ, যে ফিজিক্যালি ও মেন্টালি আনফিট, তাকে ফাঁসিতে ঝোলানো উচিৎ নয়।  কিন্তু আবদুল আলীমের অপরাধ এতোটাই ঘৃণ্য, তাকে মুক্ত রাখলে মানবতার অবমাননা হবে। এ কারণে তাকে কারাগারের চার দেয়ালের মধ্যে বাকি জীবন কাটাতে হবে। তাহলে হয়তো কৃতকর্মের জন্য তার ভেতরে অনুশোচনার সৃষ্টি হবে।”

আলীমের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবে কি না জানতে চাইলে প্রসিকিউশনের সমন্বয়ক এম কে রহমান বলেন, “আপিলের জন্য শনিবার পর্যন্ত সময় আছে। আমরা বিষয়টি ভেবে দেখছি।”

পুরনো খবর:

রাজাকার নেতা আলীমের আমৃত্যু কারাদণ্ড