২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ মালিকপক্ষ মেনে না নেয়ায় সাভারে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভের মুখে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বিক্ষুব্ধ শ্রমিকরা বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়কে নেমে  বিক্ষোভ করে।এ সময় বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শিল্প পুলিশের সাভার অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা মালিকপক্ষ মেনে না নেয়ায় শ্রমিকরা সকালে কারখানায় এসে উত্তজিত হয়ে উঠে।

একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তিব্বত গার্মেন্টেসের কয়েকশ’ শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে নেমে বিক্ষোভ করে। তারা সড়কের পাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুড়তে থাকে।

এ সময় মালিকপক্ষ ওই এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপ, বেবীলন গ্রুপ, তিব্বত গামের্ন্টস, অবনি টেক্সটাইল ও যমুনা গ্রুপের কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকটি কারখানার জানালার কাচ ভেঙে গেছে।

এসআই ওমর ফারুক বলেন, শ্রমিকরা সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করা হয়।