২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিস্ফোরণ: চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ

বিরোধী দলের ডাকা হরতালে ছোড়া হাতবোমা বিস্ফোরণে দুই সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 12:31 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এই সমাবেশ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মো. মহসীন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি শহীদ উল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক দুই সভাপতি মোস্তাক আহমেদ ও এম নাসিরুল হক, সাবেক দুই সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল ও এজাজ ইউসুফী এবং বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ।

সমাবেশে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টিভির মাইনুদ্দিন দুলাল, জিটিভির অনিন্দ্য টিটো, দেশ টিভির আললমগীর সবুজ ও মাছরাঙা টেলিভিশনের লতিফা আনসারি রুনা।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার সকালে নগরীর স্টেশন সড়কে নগর বিএনপির মিছিলের সময় হাতবোমার আঘাতে আহত হনচ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন শামসুল আলম বাবু এবং দেশ টিভির ক্যামেরাপার্সন মো. হাছান।

এর আগে গত ২৫ অক্টোবর নগরীর কাজীর দেউড়ি মোড়ে ১৮ দলীয় জোটের সমাবেশে দায়িত্বপালনকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলার শিকার হন এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. ফরিদ উদ্দিন।

ওইদিন তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা।