২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ আসনে নির্বাচন সেনা ছাড়া সম্ভব নয়: সিইসি

দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনা সহায়তা চাওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কেবল নিয়মিত বাহিনী নিয়ে এক দিনে ৩০০ আসনে ভোট করা সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

আর কোথায়, কতোজন করে সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে।

সেক্ষেত্রে ভোটের আগে-পরে পাঁচদিন সেনা সদস্যরা নির্বাচনের দায়িত্বে থাকতে পারেন বলে কমিশনের কর্মকর্তারা জানান।   

বুধবার কমিশনের বৈঠক শেষে কাজী রকিব কমিশনের অবস্থান ব্যাখ্যা করে সাংবাদিকদের বলেন, “১৯৭৩ থেকে এ পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনই সেনাবাহিনীর সহায়তা ছাড়া হয়নি। পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ নিয়মিত বাহিনীর সদস্যদের নিয়ে একদিনে ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ কারণে ইসি প্রতিটি জাতীয় নির্বাচনে সেনাবাহিনী ‘চেয়েছে এবং পেয়েছে’ মন্তব্য করে সিইসি বলেন, “এবার ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্রও বেশি।”

কোথায়, কতোজন করে সেনা মোতায়েন করা হবে সে বিষয়ে বরাবরের মতোই তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে পর‌্যালোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, “সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে অনুসারে যথাসময়ে নিয়ম মেনে সশস্ত্রবাহিনীর সহায়তা চাওয়া হবে।”

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় গত সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি।

সংবিধান অনুযায়ী দশম সংসদ নির্বাচন হবে ২৪ জানুয়ারির মধ্যে। আর ‘যথাসময়ে’ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন সিইসি।

এর আগে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গত সোমবার সাংবাদিকদের বলেন, “আরপিও অনুসারে আইন-শৃঙ্খলায় যেসব বাহিনী থাকবে তাদের নিয়োজিত রাখা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য এবারও মহামান্য রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনী মোতায়েনের আবেদন জানাব।”

তবে তফসিল ঘোষণার পরে, নাকি নির্বাচনী প্রচার শুরুর পর সেনাবাহিনী মোতায়েন করা হবে- সে বিষয়টি সেদিস তিনি ‘স্পষ্ট’ করেননি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সাধারণত সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে পাঁচ দিন নির্বাচনী এলাকায় সেনাবাহিনী থাকে। তবে ২০০৬ সালের বহু আলোচিত ১৫ ফেব্রুয়ারি বেশি সময় মাঠে ছিল সশস্ত্রবাহিনী।

সামরিক শাসন ও তত্ত্বাবধায়ক সরকারের সময় দীর্ঘসময় ধরে সেনাবাহিনী মাঠে থাকলেও ভোটের জন্য স্বাভাবিক পরিস্থিতিতে তারা মাঠে ছিল ৫-৭ দিন।

আইন শৃঙ্খলাবাহিনীর নিয়মিত সদস্যরা সাধারণ নির্বাচনে ৫ দিন এবং উপ নির্বাচন ও স্থানীয় নির্বাচনে ৪ দিন এলাকায় থাকে।

ইসির উপ সচিব [নির্বাচন পরিচালনা] মিহির সারওয়ার মোর্শেদ জানান, সংসদীয় ব্যবস্থা ফিরে আসার পর পঞ্চম সংসদ নির্বাচনে ৫ দিনের জন্য নিয়োজিত ছিল সেনাবাহিনী। এক্ষেত্রে ব্যারাকে যাওয়া-আসায় দুই দিন নিয়ে ৭ দিন তারা মোতায়েন ছিল।

সর্বশেষ ২০০৮ সালের নবম সংসদ, ১৯৯৬ ষষ্ঠ সংসদ ও ২০০১ সালের অষ্টম সংসদে ৫ থেকে ৭ ছিল মাঠে ছিল সেনাবাহিনী।

রাজনৈতিক পরিস্থিতির উত্তাপের মধ্যে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের প্রচারণার সময় থেকে দুই সপ্তাহের বেশি সময় তাদের আইন-শৃঙ্খলার দায়িত্বে রাখা হয়।

আর ২০০৬ সালের ২২ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণের পর ৯ জানুয়ারি থেকে মাঠে নামে সেনাবাহিনী। তবে ওই নির্বাচন আর হয়নি।

ইসি কর্মকর্তারা জানান, পরিস্থিতি বিবেচনায় ইসির আইন-শৃঙ্খলা বৈঠকে গোয়েন্দাসংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সময়সীমা ও এলাকা বাছাই করা হতে পারে।

পুরনো খবর:

নির্বাচনে সেনা চাইবে ইসি