মুন্সীগঞ্জে ৩ বাসে আগুন, গ্রেপ্তার ২
বিরোধী দলের দ্বিতীয় দিনের হরতালের রাতে মুন্সীগঞ্জের গজারিয়া ও মুক্তারপুরে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে।
এদিকে হরতালের দ্বিতীয় দিনে নাশকতার অভিযোগে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মামুনুর রশীদ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার চর বাউশিয়া এলাকায় একটি মাঠে রাখা গজারিয়া পরিবহনের পাঁচটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি বলেন, গভীর রাতে কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে দিঘিরপাড় পরিবহনের দুটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে পূর্ণিমা পেট্রোল পাম্পে রাখা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
এদিকে হরতালে পুলিশের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে স্থানীয় বিএনপি-জামায়াতের ৮০ জন নেতা-কর্মীকে আসামি করে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন শ্রীণগর থানার এসআই মোস্তাফিজুর রহমান।
এতে শ্রীণগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীকে প্রধান আসামি করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, মামলার আসামি জামায়াত কর্মী ও দোহার উপজেলা মইতপাড়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম (৩৩) এবং বিএনপির কর্মী রমজান শেখ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার শ্রীণগরের ছনবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় তাদের ছোড়া হাতবোমার বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হন।
হরতালের শেষ দিন বুধবার মুন্সীগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
