অটিস্টিক ব্যক্তিদের সুরক্ষায় আইন পাশ
অটিজম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণসহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে।
সোমবার সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সংসদে ‘নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিল-২০১৩’ পাসের প্রস্তাব তুললে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে প্রতিবন্ধিতা সনাক্তকরণ ও মাত্রা নিরূপণ এবং প্রতিবন্ধীদের সহায়তা দেয়া, পারিবারিক সুবিধাবঞ্চিতদের জীবনব্যাপী পরিচর্যা, নিরাপত্তা ও পুর্নবাসন অন্তর্ভুক্ত করা হয়েছে।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, ডাউন সিনড্রম, বুদ্ধিপ্রতিবন্ধিতা ও সেরিব্রাল পালসি- এই চার ধরণের প্রতিবন্ধিতাকে ‘নিউরো-ডেভেলপন্টাল’ প্রতিবন্ধিতা হিসেবে বিলে চিহ্নিত করা হয়েছে।
বিলে বিলে বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করার বিধান রাখা হয়েছে।
প্রতিবন্ধীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীকে সভাপতি করে ট্রাস্টের উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে, যাতে ১৩ জন মন্ত্রীসহ অন্য কর্মকর্তারা থাকবেন।
তবে প্রধানমন্ত্রী চাইলে কোনো মন্ত্রীকে এই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারবেন।
ট্রাস্ট, প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত করণ, নিজ পরিবারের সঙ্গে বসবাস সহায়তা প্রদান, অভিভাবকের মৃত্যুতে তার জীবনব্যাপী পরিচর্যা, বিশেষ শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উত্তরাধিকার প্রাপ্তি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ধরণের সীমাবদ্ধতা থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও উন্নয়নে দেশে বিদ্যমান নীতি, আইন ও বিধি-বিধান নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজন মেটাতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। তাদের সুরক্ষার জন্যই এই আইন প্রণয়ন করা হচ্ছে।
গত ২৩ অক্টোবর সমাজ কল্যাণমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করার পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
গত ৭ অক্টোবর বিলে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এদিকে চলতি জাতীয় সংসদে প্রথমবারের মতো দুটি বিল প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার কার্যপ্রণালী বিধির ৯৩ বিধি অনুযায়ী ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১০ এবং আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০ প্রত্যাহারের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
