২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আদালত ও থানায় হাতবোমা নিক্ষেপ, আহত ২

হরতালের মধ্যে বগুড়া জজ কোর্ট ও সদর থানায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এক সহকারী আইনজীবীসহ দুইজন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার  আদালত চত্বর ও থানায় হাতবোমা নিক্ষেপের এ ঘটনা ঘটে।

বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী খান রোমান জানান, বেলা ১২টার দিকে জজ কোর্ট চত্বরে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে এজিপি (সহকারী আইনজীবী) আব্দুস সালেপ ও এক বাদাম বিক্রেতা আহত হন।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বগুড়ার সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, দুপুরে সদর থানার সামনেও একটি হাতবোমা ফাটানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এদিকে হরতালের সকালে মহাস্থান এলাকায় একটি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।

এছাড়া ভোর ৪টায় জেলার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় পিকেটাররা একটি মাল বোঝাই ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ করলে সেটি খাদে পড়ে যায় ।

চালকের সহকারী রাশেদ জানান, ট্রাক খাদে পড়ে গেলে পিকেটাররা ভাংচুর চালায়।

এ সময় চালক জাহিদুল (৩৯) ও তাকে মারধর করে হামলাকারীরা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন রাশেদ।