২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষিপ্ত বোমাবাজিতে হরতাল শুরু 

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির মধ্যে দিয়ে বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতাল শুরু হলেও রাজধানীর রাজপথে তার প্রভাব পড়েছে সামান্যই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:05 AM

Updated : 25 Apr 2022, 07:28 PM

নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপে সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন তুলে সারা দেশে তিন দিনের এই হরতাল করছে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি।

অন্যান্য হরতালের মতো সোমবার সকাল থেকেই রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, মিরপুর, আসাদগেইট, ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকাসহ প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়ে আছে।

একই দাবিতে গত সপ্তাহের শুরুতে বিরোধী দলের ডাকা তিন দিনের হরতালের তুলনায় এদিন সকাল থেকেই রাজধানীতে বেশি যান চলাচল করছে। রিকশা  ও অটোরিকশার পাশাপাশি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িও চলছে বিভিন্ন সড়কে। 

হরতালের কারণে সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও বিক্ষিপ্ত বোমাবাজির খবর পাওয়া গেছে।

লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিম জানান, সকাল সাড়ে ৬টার দিকে আজিমপুর দায়রা শীরফ এলাকায় ছাত্রদলের একটি মিছিল থেকে দুটি হাতবোমা ফাটানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা দৌঁড়ে পালিয়ে যায়।

সকাল ৭টার দিকে রাজধানীর ভাটাড়া এলাকায় ছাত্রশিবির কর্মীরা মিছিল করে কয়েকটি হাতবোমা ফাটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে তেজগাঁও, মিরপুর, গাবতলী এলাকাতেও।

এদিকে যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় কয়েকটি হাতবোমায় বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।

শ্যামপুর থানার ওসি আবদুর রশিদ জানান, পুলিশ ছররা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ সময় তিন শিবিরকর্মীকে চারটি হাতবোমাসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাতে শ্যামপুর বাজার এলাকায় একটি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক শিবিরকর্মীকে চারটি ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. ফরহাদুজ্জামান জানান, সকাল থেকে রাজধানীর কোথাও গাড়িতে আগুন দেয়ার কোনো খবর তারা পাননি।

তবে গাজীপুরের ইপিলিয়ন এলাকায় সকাল পৌনে ৭টার দিকে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয় বলে তারা জানতে পেরেছেন। 

এছাড়া হরতালের আগে রোববার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীতে মোট ১৮টি গাড়ি পোড়ানোর তথ্য ফায়ার ব্রিগেডে নথিভুক্ত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, হরতালে যে কোন ধরনের ‘অপ্রীতিকর’ পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পুরনো খবর:

হরতালের আগে গাড়িতে আগুন