২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যের বাড়িতে বিক্ষুব্ধ শিক্ষকদের ফের অবস্থান

পদত্যাগের জন্য চাপ বাড়াতে ফের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:14 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

ধর্মঘটের প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির সভাপতিকে প্রশাসনের চাকরি বিধি তুলে ধরে চিঠি পাঠানোর প্রতিবাদে রোববার রাতে অধ্যাপক আনোয়ার হোসেনের বাড়ির সামনে অবস্থান নেন শ’ খানেক শিক্ষক।

আন্দোলনরত শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান রোত ১২টার দিকে ঘোষণা দেন, উপাচার্য যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে।

অধ্যাপক আনোয়ার হোসেন বাড়িতে রয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে শিক্ষকরা বাড়িতে গেলে তিনি ঘর থেকে বেরিয়েও আসেন।

তখন শিক্ষকদের মধ্য থেকে ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক কামরুল আহসান টিটো, অধ্যাপক মাফরুহী সাত্তার টিটুসহ কয়েকজন বক্তব্য রাখেন।

অধ্যাপক আনোয়ার হোসেন আর কয়েক মাসের মধ্যে জাকসু নির্বাচন এবং সিনেটে উপাচার্য নির্বাচন করে উত্তরসূরির কাছে দায়িত্ব ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকরা এখনি তাকে পদত্যাগের জন্য চাপ দেন।

শিক্ষক নেতাদের বক্তব্যের সময় শিক্ষকদের মধ্য থেকে কয়েকজন ১০ মিনিটের মধ্যে উপাচার্যকে বাড়ি ছাড়ার দাবি জানান। অধ্যাপক আনোয়ারের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কটূক্তি করতেও শোনা যায় কয়েকজনকে।

উপাচার্য আনোয়ার হোসেন শিক্ষকদের বক্তব্য শুনে বলেন, এখন তিনি কোনো কথা বলতে চান না।   

শিক্ষকদের তাদের বক্তব্য লিখিতভাবে দিতে বলে তিনি ঘরের ভেতরে ঢুকে গেলে শিক্ষকরা উপাচার্যের বাড়ির প্রধান ফটকের ভেতরে সিঁড়ির ওপর বসে পড়েন।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির ডাকা ধর্মঘট ফের অচল হয়ে পড়েছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টি।

শনিবার ভোরে শিক্ষকরা ক্যাম্পাসের পরিবহন চত্বরে জড়ো হয়ে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের সব বাস বন্ধ করে দেন।

শিক্ষদের বাধার মুখে প্রশাসন ভবনে নিজেদের কার্যালয়ে ঢুকতে পারেননি উপ-উপাচার্য অধ্যাপক এমএ মতিন ও আফসার আহমদ, নিবন্ধক আবুবকর সিদ্দিক, উপ-নিবন্ধক মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

অধ্যাপক আনোয়ার হোসেনকে কয়েক দফা সময় বেঁধে দেয়ার পর সর্বাত্মক ধর্মঘটের এই ডাক দেয় শিক্ষক সমিতি। তাদের সঙ্গে একাত্মতা জানায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসা সাধারণ শিক্ষক ফোরাম।

অধ্যাপক আনোয়ার শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের আশা প্রকাশ করে ইতোপূর্বে বলেছেন, “নয়তো চাকরি বিধি অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।”

ওই বক্তব্যের ধারাবাহিকতায় রোববার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারকে চিঠি দেয়া হয়। তাকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বাধা না দিতে তার প্রতি আহ্বান জানানো হয়।

ওই চিঠির প্রতিক্রিয়ায় সন্ধ্যার পর শিক্ষক ক্লাবে বৈঠক করেন সমিতির নেতাসহ আন্দোলনরত শিক্ষকরা। এরপর তারা উপাচার্যের বাড়িতে যান।

Image
শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে পাল্টা কর্মসূচিতে অধ্যাপক আনোয়ার হোসেন (ফাইল ছবি)

শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে পাল্টা কর্মসূচিতে অধ্যাপক আনোয়ার হোসেন (ফাইল ছবি)

এর আগেও উপাচার্যের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষকরা। পরে ওই কর্মসূচি স্থগিত করেন তারা।

ছাত্রলীগের একদল কর্মীর হাতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হওয়ার পর গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরিফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।

পরে নির্বাচনের মাধ্যমে স্থায়ী হওয়া এই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা।

শিক্ষক সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লে এই বছরের শুরুতে হাই কোর্ট এক আদেশে শিক্ষা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না করার নির্দেশ দেয়।

এরপর কৌশল বদলে শিক্ষক ফোরাম নামে আন্দোলন শুরু করে শিক্ষকরা। ওই আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ার পর অভিযোগ তুলে পুনরায় আন্দোলনে নামে শিক্ষকরা।

পুরনো খবর:

শিক্ষক ধর্মঘটে অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সংসদীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি জাবি ভিসির
জাহাঙ্গীরনগরের শিক্ষকদের সরকারের হুমকি
ব্যবধান মাত্র ১০ গজ