সংসদীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি জাবি ভিসির
কেন্দ্রীয় ছাত্র সংসদ ও উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন করে নিজের আগের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একদিন আগে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে উচ্চ আদালতে করা রিট আবেদনটি প্রত্যাহার এবং দ্রুততম সময়ের মধ্যে সিনেট নির্বাচনের ব্যবস্থা করতে উপাচার্যকে তাগিদ দেয়া হয়। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের বিনাশর্তে আন্দোলন প্রত্যাহারের কথাও বলা হয়।
উপাচার্য বলেন, সম্প্রতি আবাসিক হলের দুজন প্রাধ্যক্ষকে অব্যাহতি দেয়া সংক্রান্ত নির্দেশ অকার্যকর এবং আন্দোলন নিয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট প্রত্যাহার করা হবে।
এদিকে উপাচার্যের ওই সিদ্ধান্তকে ‘সময় ক্ষেপনে প্রতারণার আশ্রয়’ উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি প্রতারক, বিভিন্ন ফোরামে আলোচনা করছি, শিগগিরই তাকে পদত্যাগে বাধ্য করা হবে।”
সংবাদ সম্মেলেনে অধ্যাপক আনোয়ার বলেন, মেয়াদোত্তীর্ন শিক্ষক ও রেজিস্ট্রার্ড গ্রজুয়েট নির্বাচন, ৬ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ইউনিয়নগুলোর নির্বাচন এবং ২৪ জানুয়ারির আগেই উপাচার্য প্যানেল নির্বাচন দিতে চাই।
ওই নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানান অধ্যাপক আনোয়ার।
উপাচার্যের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে বৈঠকে বসেছে আন্দোলনকারি শিক্ষকদের মোর্চা সাধারণ শিক্ষক ফোরাম।
ফোরামের সভাপতি অধ্যাপক হানিফ আলী সাংবাদিকদের বলেন, উপাচার্যের বক্তব্য শুনে তারা নতুন কর্মসূচিতে ফিরতে আলোচনায় বসেছেন।
উপাচার্য পদ থেকে অধ্যাপক আনোয়ারের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতিনিধিত্বকারি সংগঠন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম।
