২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাইক্রোবাসে আগুন

টানা তিন দিনের হরতাল শুরুর আগে ফরিদপুর শহরে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুর রশীদ জানান, পাশে একটি হাসপাতালের সামনে তারা কয়েকজন গল্প করছিলেন। হঠাৎ তারা মাইক্রোবাসটিতে আগুন জ্বলতে দেখেন।

তিনি বলেন, হাসপাতালের কর্মীরা গ্যাস দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

খবর পেয়ে পরে দমকলকর্মী ও পুলিশ আসে। কিন্তু তার আগেই আগুন নিভে যাওয়ায় মাইক্রোবাসটির তেমন ক্ষতি হয়নি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতাল করার পর সোমবার থেকে বুধবার আরো তিন দিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।