বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে ১২ মামলা
ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থ সরানোর অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে ১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাঁচ ব্যাংক থেকে মোট ১১শ ৭৪ কোটি টাকা সরানোর প্রমাণ পেয়েছে সংস্থাটি।
এই ব্যাংকগুলো হল জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।
মামলায় বিসমিল্লাহ গ্রুপের ১৩ জন এবং এই পাঁচটি ব্যাংকের ৪০ জনকে আসামি করা হয়েছে।
বিসমিল্লাহ গ্রুপের ঋন জালিয়াতির এই ঘটনার অনুসন্ধানকারী দলের প্রধান দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলা পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “আমাদের অনুসন্ধানে পাওয়া রেকর্ড অনুযায়ী ২০০৬ থেকে ২০১২ এর জুলাই পর্যন্ত এই ভুয়া কাগজপত্র দেখিয়ে জাল রপ্তানি চুক্তিপত্রের বিপরীতে পাঁচটি ব্যাংক থেকে প্রতিষ্ঠানটি ১১শ ৭৪ কোটি ৪৬ লাখ টাকা ঋণ জালিয়াতি করেছে।”
সৈয়দ ইকবাল জানান, বিসমিল্লাহ গ্রুপ ২০০৬ থেকে বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের ভবন কর্পোরেট শাখা, মগবাজার ও এলিফ্যান্ট রোড শাখা থেকে ৫২৬ কোটি ৯৫ লাখ, প্রাইম ব্যাংক মতিঝিল শাখা থেকে ৩২৬ কোটি ২৮ লাখ, প্রিমিয়ার ব্যাংক মতিঝিল শাখা থেকে ৬২ কোটি ৫৩ লাখ, যমুনা ব্যাংক দিলকুশা শাখা থেকে ১৫৪ কোটি ৬৬ কোটি টাকা এবং শাহজালাল ইসলামী ব্যাংক ইস্কাটন শাখা থেকে ১০৩ কোটি ৩২ লাখ টাকা সরিয়েছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন বিসমিল্লাহ গ্রুপের- খাজা সোলায়মান আনোয়ার চৌধুরী(ব্যাবস্থাপনা পরিচালক, বিসমিল্লাহ টাওয়েল লি), মিসেস নওরিন হাসিব (চেয়ারম্যান), সফিকুল আনোয়ার চৌধুরী (পরিচালক), আবিদা হাসিব (পরিচালক), নাহিদ আনোয়ার খান (পরিচালক), খন্দকার মইনুদ্দিন আশরাফ (পরিচালক), সারোয়ার জাহান(পরিচালক), আকবর আজিজ মুত্তাকি (ডিএমডি), রিয়াজউদ্দিন আহমেদ (ম্যানেজার), আক্তার হোসেন (চেয়ারম্যান, বিসমিল্লাহ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লি), মো. মঈন উদ্দিন(প্রোপাইটার মেসার্স টি ডব্লিউ এক্সপ্রেস), গোলাম মহিউদ্দিন আহমেদ (বে ইয়ার্ন লি)।
আকবর আজিজ মুত্তাকি ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।
