২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতকদের ফিরিয়ে রায় কার‌্যকর করা হবে: আইনমন্ত্রী

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে বিদেশ থেকে ফিরিয়ে এনে রায় কার‌্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “এদের একজন লন্ডন ও আরেকজন আমেরিকায় রয়েছে। তাদের সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আইনসম্মতভাবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে। তাদের ফিরিয়ে আনার পরই রায় কার্যকর করা হবে।”

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার ১১টি অভিযোগের সবগুলোতেই আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা গণতান্ত্রিক রাস্ট্রের দায়িত্ব।”

মৃত্যুদণ্ডের আদেশ হওয়ার কারণে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যদি তাদের ফিরিয়ে দিতে না চায়, তাহলে সরকার কি ব্যবস্থা নেবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “তাদের মতামত না জেনে মন্তব্য দেয়া ঠিক হবে না।

“তারা দেশের বুদ্ধিজীবী হত্যা করে দেশকে মেধাশূন্য করেছে। আসামিরা যে দেশে রয়েছে সে দেশ এটি ভিন্ন আঙ্গিকে দেখবে এবং তাদের ফিরিয়ে দিতে সহযোগিতা করবে বলে আমরা আশা করি।”

রায়ের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন “ এ রায় শহীদ পরিবারের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা।”