২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবিচার’, প্রতিক্রিয়া শহীদ বুদ্ধিজীবী পরিবারের

বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়নকারী দুই আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়ে দুজনকে বিদেশ থেকে এনে দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সুবিচার পেয়েছি।

“তবে এটা আমাদের জন্য লজ্জাজনক যে যারা জাতির সূর্য সন্তানদের হত্যা করেছে, তাদের ফাঁসির রায় হতে এত সময় লাগল।”

শ্যামলী নাসরিনের স্বামী ডা. আলীম চৌধুরীসহ ১৮ বুদ্ধিজীবীকে হত্যার দায়ে দুই বদর নেতাকে রোববার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শহীদ সাংবাদিক এএনএম গোলাম মুস্তাফার ছেলে, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনির্বাণ মুস্তফা বলেন, “রায়ে আমি সন্তুষ্ট। যেহেতু উনি আমার বাবা ছিলেন তাই অনুভূতিটা ব্যক্তিগত।

“আমি বাবাকে পাইনি। আমার কাছে দেশটাই ছিল বড়। এখন চাওয়া রায়টা কার্যকর হোক।”

রায়ের সময় শিশুপুত্র বিশঙ্ক ব্রতকে আদালতে নিয়ে এসেছিলেন অনির্বাণ মুস্তফা।

বিশঙ্ক বলে, “দাদার গল্প বাবা-মায়ের কাছে শুনেছি। বাবার ৯ মাস বয়সে দাদাকে ধরে নিয়ে যাওয়া হয়। নির্যাতন করে হত্যা করা হয়। সেই রায় দেখতে এসেছি।”

অনির্বাণের স্ত্রী আফরোজা পারভীন জানান, তার শাশুড়িও আসার কথা ছিল। কিন্তু আসতে পারেননি।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষী শহীদ বুদ্ধিজীবী গিয়াস উদ্দিনের ভাগ্নি মাসুদা হক রত্না বলেন, “আজকের দিনটির জন্য প্রতিদিন, প্রতি মুহূর্ত আমরা অপেক্ষায় ছিলাম।

“১৭ বছর বয়সে আমার সামনে থেকেই মামাকে ধরে নিয়ে যাওয়া হয়। ৫৮ বছর বয়সে এসে তাদের বিচার দেখলাম।”

আগামী নির্বাচনের আগে অন্তত একটি রায় কার্যকর হতে দেখতে চান মাসুদা হক।

গিয়াস উদ্দিনের ভাই ড. রশিদউদ্দিন আহমদ বলেন, “দুই আসামি পালিয়ে আছে মৃত্যুদণ্ডাদেশের বিরোধী আমেরিকা ও ব্রিটেনের মতো দেশে।”

তাই এই রায় কার্যকর হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে এক্ষেত্রে ইন্টারপোলকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

বদর নেতার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “এ রায় জাতির প্রত্যাশিত ছিল। এ রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশমিত হয়েছে।”

আশরাফ ও মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা বলেন, “এরা বুদ্ধিজীবী নিধনের মাস্টারমাইন্ড ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাকের ডগায় লন্ডনে অবস্থান করে এখনও দেশের স্বাধীনতাবিরোধী কাজ করে যাচ্ছে।”

ট্রাইব্যুনালে সাক্ষী জহিরুদ্দিন জালাল (বিচ্ছু জালাল) বলেন, “সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ রায়কে স্যালুট জানাই।”