বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিকদের সংঘর্ষে আহত ২০
বেনাপোল স্থল বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অফিসের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।
রোববার সকালে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একাংশের (রেজিং-৮৯১) দুদল এ সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ১০/১২জনের একদল শ্রমিক অফিস দখলে নিতে যায়।
ওই সময় শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি কলিমোল্লা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অফিসে অবস্থান করছিলেন।
এ সময় দুপক্ষের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
গুরুতর আহত গোলাম মোস্তফা ও জিয়াউর রহমান জিয়াকে শার্শা উপজেলা হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালেক ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, ঘটনাস্থল থেকে ৩টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, বলেন তিনি।
