কাঁটাবনে বিস্ফোরণ, আহত ১
বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের আগের দিন রাজধানীর কাঁটাবনে বোমা বহনের সময় বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে কাঁটাবন মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত আনোয়ার হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জে, ঢাকায় থাকতেন আফতানগর এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বসুন্ধরা সিটিতে নিজের দোকানে যাওয়ার পথে কাঁটাবনের রাস্তায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুই যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজনের শরীরেই বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে তার পাশের ব্যক্তি একটি হাতবোমা ছুড়ে ফেলে দিয়ে দৌঁড়ে পালিয়ে যান।
পরে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলের সদস্যরা এসে অবিস্ফোরিত হাতবোমাটি নিয়ন্ত্রিতভাবে ফাটিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, আহত অানোয়ারের দুই উরু জ্বলে গেছে। তা থেকে ধারণা করা হচ্ছে, বোমাটি তার পকেটে ছিল।
আনারকলি মার্কেটে আনোয়ারের খেলনার দোকান রয়েছে বলেও জানান তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতাল করার পর সোমবার থেকে বুধবার আরো তিন দিনের হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।
এদিকে রোববার সকালেই একাত্তরের দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করা হয়, যাতে পলাতক দুই আসামির ফাঁসির আদেশ আসে।
