নানিয়ারচরে চলছে ‘সর্বদলীয়’ হরতাল
স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে ‘অপহরণের’ প্রতিবাদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দল এক হয়ে হরতাল করছে রাঙামাটির নানিয়ারচর উপজেলায়।
নানিয়ারচর থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘সর্বদলীয়’ ব্যানারে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত এ হরতাল করছে দলগুলো। সকাল থেকে কোথাও কেনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিব কান্তি দাশকে শনিবার বিকালে অপহরণ করা হয় বলে সাধারণ সম্পাদক আব্দুল ওহাব জানান।
সকাল থেকে উপজেলা সদরের সব দোকানপাট বন্ধ রয়েছে।
আব্দুল ওহাব জানান, সকালে উপজেলা সদরে সর্বদলীয় ব্যানারে বিক্ষোভ-সমাবেশ করে আন্দোলনের পরবর্তী কমূসূচি ঘোষণা করা হবে।
ওসি জানান, নানিয়ারচর থেকে রাঙামাটি শহরে যাওয়ার পথে সদর উপজেলার কতুকছড়ি এলাকা থেকে একদল দুর্বৃত্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে তুলে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীদের চিহ্নিত করা যায়নি। ত্রিদিবকে উদ্ধারের চেষ্টা চলছে।
