২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু বাড়িতে আগুন

ফেইসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগ তুলে পাবনার সাঁথিয়া উপজেলায় একটি হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 09:16 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

একই ধরনের অভিযোগ তুলে এক বছর আগে কক্সবাজারে বৌদ্ধ বসতিতে হামলার পর শনিবার জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকায় এই ঘটনা ঘটেছে।

কক্সবাজারের ঘটনায়ও জামায়াতের ইন্ধন ছিল বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সাঁথিয়ার বনগ্রাম বাজারের পাশের গ্রামের দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে  ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এরপর রাজীবের বাড়ি ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। পরে বনগ্রাম বাজারে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানও ভাংচুর হয়।

শনিবার দুপুরে স্থানীয়রা পাঁচ ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের মহাসড়ক থেকে তুলে দেয়।

মিয়াপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাজীব সাহা ওই এলাকার বাবুল সাহার ছেলে। রাজীব এখন নিখোঁজ। তার বাবা এখন পুলিশের হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানায়।

পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ঘটনাস্থল পরিদর্শন করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, মহানবী সম্পর্কে আদৌ কোনো মন্তব্য করা হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়। তবে এ ধরনের গুজব ও পরিস্থিতি সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার পরিস্থিতি আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে এসপি জানান।

পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে স্থানীয় দুটি রাজনৈতিক দলের কর্মীরা রাজীব সাহার বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এছাড়া ওই মহল্লার হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায়।

তারা ঢাকা-পাবনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে। বিকাল ৫টার দিকে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

হামলায় ক্ষতিগ্রস্ত বনগ্রাম এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজীবের বাড়িতে আগুন দেয়ার কিছুক্ষণ পর তার ঘরেও আগুন দেয়া হয়। পরে স্থানীয় কয়েকজন আগুন নিভিয়ে ফেলে।

“আজ রাতে কালীপূজা, তাই পূজার সমস্ত প্রস্তুতি নেয়া হয়েছিল, কিন্তু হামলার সময় স্থানীয় কালী মন্দিরে ভাংচুর চালানো হয় এবং প্রতিমা ভেঙে ফেলা হয়।”

হামলাকারী কাউকে চেনেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “তারা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক। আমি এলাকায় তাদের মিটিং-মিছিল করতে দেখেছি, তবে কারো নাম বলতে পারব না।”

‘নিরাপত্তাহীনতায় ভুগছেন.” জানিয়ে এই বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।

রাজীব সাহার বাবা বাবুল সাহা এ ঘটনার জন্যে স্থানীয় বিএনপি ও জামায়াতকে দায়ী করেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দ কুমার চক্রবর্তী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মনিরুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। ধর্মীয় উন্মাদনার গুজব রটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সী মনিরুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে যারা ভাংচুর ও লুটপাট করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।